
ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ বাণিজ্য সংক্রান্ত অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গেল ৯ অক্টোবর দুদকের উপ-পরিচালক মোসা. মাহফুজা খাতুন স্বাক্ষরিত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ। তিনি আরও জানান এ সংক্রান্ত চিঠির জবাব ইতোমধ্যে দুদকের নিকট পাঠানো হয়েছে।
চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদত হোসেন ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাকী বিল্লাহ বিকুলের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দুদকের অবহিত করার জন্য জানানো হয়েছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-উর-রশিদ আসকারী আরটিভি অনলাইনকে জানান, আমরা চিঠির প্রাথমিক উত্তর দিয়েছি। নিয়োগ বাণিজ্যের জড়িতদের তদন্ত সাপেক্ষে শোকজ করেছি। তারা শোকজের উত্তর দিলে আমরা আবারো দুদককে অভিহিত করবো।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের সঙ্গে চাকুরিপ্রার্থীর ফোনালাপ ফাঁস হয়।
আরও পড়ুন :
জেবি




