
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ– অন ক্যাম্পাস ২০১৮-১৯। হাল্ট প্রাইজ হচ্ছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন, জাতিসংঘ এবং ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ-এর অংশীদারিত্বে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বখ্যাত সামাজিক সমস্যা সমাধানমূলক (স্যোশাল অন্ট্রাপ্রেনারশিপ কম্পিটিশন) একটি প্রতিযোগিতা।
আহমেদ আস্কার ২০১০ সালে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের সহায়তায় হাল্ট প্রাইজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা এই বিষয়গুলো নিয়ে মুখোমুখি হওয়া বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন চ্যালেঞ্জ নির্ধারণ করে প্রতি বছর সেপ্টেম্বরে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী দলকে ১ মিলিয়ন ডলার প্রদান করা হয়। এ বছরের চ্যালেঞ্জ নির্ধারণ করা হয়েছে যুব বেকারত্বের উপর। প্রতিযোগীদের এমন একটি বিজনেস আইডিয়া দিতে হবে যার মাধ্যমে ২০২৮ সালের মধ্যে ১০ হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই প্রতিযোগিতার আদ্যোপান্ত জানাতে এবং তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে ২৬ নভেম্বর, সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনফো সেশন এবং ওয়ার্কশপের আয়োজন করা হয়। সেশনের শুরুতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন। এরপর বক্তব্য রাখেন চবির ফাইন্যান্স ডিপার্টমেন্টের CUFBDA ক্লাবের সাবেক সভাপতি আসিফ সিদ্দিক। তিনি হাল্ট প্রাইজের পূর্ববর্তী বিজয়ীদের সমস্যা এবং তাদের সমাধানগুলো নিয়ে কথা বলেন।
তিনি বিজনেস কেস কম্পিটিশনের বিভিন্ন শাখা যেমন– কেস ক্র্যাকিং, মার্কেটিং, স্ট্রাকচার অ্যানালাইসিস, বিজনেস প্ল্যানিং ইত্যাদি বিষয়ে নির্দেশনা দেন।
হাল্ট প্রাইজ এট সিইউ ২০১৮-১৯ এর মূল প্রতিযোগিতা তিনটি ভিন্ন ভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে, যার শুরুতে সারা বিশ্ববিদ্যালয় থেকে অনলাইন রাউন্ডে আবেদনকারী ১০৬টি দল থেকে সেরা ২০টি আইডিয়া সিলেক্ট করা হয়েছিল। পরবর্তীতে সেই ২০ টি আইডিয়া থেকে ১২ টি আইডিয়া ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়। উত্তীর্ণ ১২টি দল অন ক্যাম্পাস রাউন্ডের বিজয়ী হওয়ার জন্য ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় নামবে। উল্লেখ্য, ফাইনাল রাউন্ড আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। অন ক্যাম্পাস ইভেন্টের বিজয়ী দলটি সরাসরি মুম্বাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, দুবাই, বোস্টন, লন্ডন, স্যান-ফ্রান্সিসকো এবং বিশ্বের আরও ২৫ টি শহরের যেকোনো একটি শহরে রিজিওনাল রাউন্ডে চবিকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবে।
ইনফো সেশনের শেষে হাল্ট প্রাইজ – অন ক্যাম্পাস ২০১৮-১৯ এর ফাইনাল রাউন্ডের খুঁটিনাটি বিষয় নিয়ে বক্তব্য রাখেন হাল্ট প্রাইজ, চবির ক্যাম্পাস ডিরেক্টর আব্দুল্লাহ আল মাহমুদ তাইসির।
হাল্ট প্রাইজ অ্যাট সিইউ ২০১৮-১৯ এর মিডিয়া পার্টনার হিসেবে আছে রেডিও ফূর্তি। স্ট্রাটেজিক পার্টনার হিসেবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংগঠন। সেশনটি পরিচালনা করেন হাল্ট প্রাইজ এট সিইউ অন ক্যাম্পাস ইভেন্টের হেড অব ফাইন্যান্স উম্মে হাফসা আর ডেপুটি চিফ অরগানাইজার আফরা জামিল।
জেএইচ




