
আপনি কোন ওয়েবসাইট ভিজিট করছেন, কোথায় আছেন এবং গুগলে কী সার্চ করছেন-এসব কিছুই পর্যবেক্ষণ করে বিজ্ঞাপনদাতারা। তারপর সে অনুযায়ীই বিজ্ঞাপন দেয়। কিন্তু এবার বাড়তি আরেকটি বিষয়ে নজর রাখছে তারা। আর সেটা হলো ইমোজি।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, আপনি কোন ইমোজি ব্যবহার করছেন সেটা নজরে রাখছে বিজ্ঞাপনদাতারা। এতে আপনার মনের অবস্থা বুঝতে সহজ হয় তাদের। ফলে সঠিক বিজ্ঞাপন দিতে পারে।
২০১৬ সাল থেকে গ্রাহকদের ইমোজি ব্যবহার পর্যবেক্ষণের জন্য বিজ্ঞাপনদাতাদের অনুমতি দেয় টুইটার। তখন থেকেই তাদের জন্য বিজ্ঞাপন দেয়া অনেক সহজ হয়ে উঠে। ইমোজি ব্যবহারের তথ্য নাকি এখন ‘সোনার খনি’ হয়ে উঠেছে।
একমাত্র ইমোজির মাধ্যমেই একজন গ্রাহকের মনের অবস্থা বোঝা যায়। এতে মানসিক অবস্থা বুঝে টার্গেটেড এড বা নির্দিষ্ট গ্রাহকের লক্ষ্যে বিজ্ঞাপন দেয়া হয় যা অনেক বেশি কার্যকর।
এ সম্পর্কে টুইটারের সঙ্গে যৌথভাবে কাজ করা ফোর-সি ইনসাইটস প্রতিষ্ঠানের প্রধান মার্কেটিং অফিসার অ্যারন গোল্ডম্যান বলেন, কেউ যদি লাইক বা হাস্যোজ্বল ইমোজি পাঠায় তাহলে এক ধরনের বিজ্ঞাপন দেয়া হয় এবং গম্ভীর মুখের ইমোজি পাঠালে ভিন্ন ধরনের বিজ্ঞাপন যায়।
এছাড়া কেউ হার্ট বা লাভ ইমোজি ব্যবহার করলে বিজ্ঞাপনদাতারা বোঝে নেয় তার কাছে প্রেম সংক্রান্ত জিনিসগুলোর বিজ্ঞাপন দিতে হবে। এ কারণে গ্রাহকরা তাদের মানসিক অবস্থা অনুযায়ী বিজ্ঞাপন দেখতে পান যা দেখে অবাক হন তারা।
ডি/ এমকে




