
কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে নতুন একটি ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এটা নির্মাণ করা হবে। গুগলের নতুন ক্যাম্পাস চালু করতে খরচ হবে সব মিলিয়ে এক বিলিয়ন ডলার।
গেজেটস নাউ জানায়, গুগলের এই ক্যাম্পাসে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। সব মিলিয়ে ক্যাম্পাসটির আকার হবে ১ দশমিক ৭ মিলিয়ন স্কয়ার ফুট। ২০২২ সালে এতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে চায় গুগল।
অ্যামাজনের পর এই প্রথম বড় কোনও প্রযুক্তি প্রতিষ্ঠান নিউইয়র্কে তাদের ক্যাম্পাস চালু করতে যাচ্ছে। এই ক্যাম্পাসকে ডাকা হবে গুগল হাডসন স্কয়ার নামে। খুব দ্রুততার সঙ্গে এর নির্মাণ কাজ শেষ হবে।
মূলত যুক্তরাষ্ট্রের অন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অনুসরণ করতে চাচ্ছে গুগল। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রজুড়ে কয়েকটি করে বড় ক্যাম্পাস আছে। এক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি।
সম্প্রতি টেক্সাসের অস্টিনে নতুন একটি ক্যাম্পাস প্রতিষ্ঠার ঘোষণা দেয় অ্যাপল। তাদের ক্যাম্পাসও এক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হবে। অ্যাপলের ঘোষণার পরই গুগলের পক্ষ থেকেও নতুন ক্যাম্পাস নির্মাণের ঘোষণা এলো।
নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠা সম্পর্কে অ্যালফাবেট ও গুগলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা রুথ পোরাট বলেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতির অংশ হিসেবেই নিউ ইয়র্কে বিনিয়োগ করা হচ্ছে।
ডি/ এমকে




