
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন কমিশনের পাশাপাশি সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলে নির্বাচনে এসেছি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মুজিবুল হক চুন্নু বলেন, দলীয় প্রতীকে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। গত কয়েক বছরের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা আমাদের কাছে সুখকর ছিল না। তবে নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছে। আমরাও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। তবে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে প্রতীক বরাদ্দের পর।
তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় পার্টির ৯ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এ ছাড়া ২৭২ জনের মনোনয়ন বৈধ হয়েছে। প্রার্থিতা বাতিল হওয়া ৯ জন আপিল করবেন।
জাপা মহাসচিব বলেন, বর্তমানে এন্টি আওয়ামী ভোট ডাবল। ভোটাররা কেন্দ্রে যেতে এবং ভোট দিতে পারলে আমরা আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট পাব।




