
সারাদেশে তৃণমূল বিএনপির প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা সেলের আহ্বায়ক সালাম মাহমুদ।
রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল বিএনপি মূল বিরোধী হিসেবে কাজ করছে। ফলে এমপিদের নেতাকর্মীরা আমাদের প্রতিদ্বন্দ্বী ভেবে নানা রকম বাধা সৃষ্টি করছে। বিভিন্ন আসনে আমাদের প্রার্থীদের পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। এমনকি রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। ফলে আমরা সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কায় আছি। আমরা ইসির কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
সালাম মাহমুদ বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৩৭টি আসনে লড়ছে তৃণমূল বিএনপি। একজন প্রার্থী এখনো আপিলে আছেন, রায়ে জিতলে প্রার্থীর সংখ্যা ১৩৮ জনে দাঁড়াবে। আমরা সরকারের সঙ্গে কোনো প্রকার সমঝোতায় না গিয়ে নিজস্ব প্রতীক সোনালী আঁশ নিয়ে নির্বাচন করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব রুখসানা আমিন সুরমা, নির্বাচন মনিটরিং সেলের সদস্য রাজু আহমেদ, ফরহাদ হোসেন ও আশরাফ আলী হাওলাদার।




