
মাগুরাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এজন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগের এ প্রার্থী।
রোববার (২৪ ডিসেম্বর) গণসংযোগ চলাকালে নতুন বাজার সাপ্তাহিক হাটের সবজি বাজার, মাছপট্টি, মাংস বাজারসহ সব এলাকা ঘুরে ক্রেতা-বিক্রতাদের সঙ্গে কুশল বিনিময় করেন সাকিব আল হাসান। পাশাপাশি নৌকার জন্য ভোট প্রার্থনা করেন তিনি।
প্রচারণাকালে সাকিব আল হাসান বলেন, এই হাটটি অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী। গ্রামের মানুষ তাদের উৎপাদিত সবজিসহ নানা পণ্য বিক্রি করতে এখানে আসেন। ছেলেবেলা থেকেই এটি দেখে আসছি আমি। বাবার সঙ্গে এখানে অনেকবার এসেছি। ভোট চাইতে এভাবে আসবো কোনদিন ভাবিনি। আজ অনেক মানুষের সঙ্গে বিশেষ করে কৃষক ভাইদের সঙ্গে মিলিত হতে পেরে ভালো লাগছে। কৃষকরাইতো আমাদের প্রাণ। তাদের ঘাম ও শ্রমের কাছে প্রতিটি বাঙালি ঋণী।
এর আগে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সবাইকে সম্মিলিতভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী।
সভায় সাকিব আল হাসান বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে কীভাবে জয়ী করা যায় সে বিষয়ে ১৪ দলের নেতাকর্মীরা আমরা একসঙ্গে আলোচনা করেছি। নির্বাচনে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করার বিষয়ে প্রত্যেকে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। সবাই ঐক্যমত পোষণ করেছেন। আগামীতে একসঙ্গে থেকে আমরা সব বিষয়ে কাজ করতে পারবো ইনশা আল্লাহ। মাগুরাকে নিয়ে যাবো অনন্য উচ্চতায়।
পরে শহরের পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে গণসংযোগ করেন সাকিব আল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, প্রচার প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুলসহ অন্যরা।




