প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকা কলেজের সামনের মিরপুর সড়কে একই দাবিতে আন্দোলনে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা।
এ সময় ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা আজিমপুর মোড় ঘুরে এসে ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশের ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। এ কারণে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ করে এবং পরে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, সুশীল সমাজের সঙ্গে তিন দফা বৈঠকেও খসড়া নিয়ে আলোচনা হয়।
তবু চূড়ান্ত অধ্যাদেশ না আসায় পরিচয় সংকট, একাডেমিক কার্যক্রমের অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।
আরটিভি/এফএ




