
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত শিবির ভোট চুরির পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।
আবিদ দাবি করেন, জামায়াত শিবির বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে গুপ্ত রাজনীতি করেছে। পলাতক সরকারের সংস্পর্শে থেকেই শিবিরের সদস্যরা ভোট চুরির নানা কৌশল রপ্ত করেছে । আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে তারা বড় ধরনের ভোট চুরির ছক আঁকছে বলে বিএনপির কর্মীদের সতর্ক করেন এই ছাত্রনেতা।
আবিদুল ইসলাম আরও জানান, ইতোমধ্যে এক জামায়াত নেতা ভোটের সিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনাকে জামায়াতের ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, তারা যেন অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে কোনোভাবেই ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে। জামায়াত শিবিরের যেকোনো অপতৎপরতা রুখে দিতে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কঠোর পাহারায় থাকার অনুরোধ করেন।
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এবারের লড়াই গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। এছাড়া তুরাগ ও উত্তরা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
আরটিভি/এআর
-1792945580-411856_1792945616.jpg)

-1792941854-411838_1792941855.jpg)

