বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় জানানো হয়, গত ১৭ বছরে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার।
এই মামলাগুলোতে অভিযুক্তদের মধ্যে ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
মামলাগুলো প্রত্যাহার হওয়ায় প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আরটিভি/এসকে





