ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হচ্ছে কেউ দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা। আর প্রত্যর্পণ হচ্ছে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, আহমদ ও ফাইয়াসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ৪০০ জনের মৃত্যুর প্রসঙ্গেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে ও অনেক মামলায় সাজা হয়েছে। তাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে বিচারের আওতায় আনতে হবে। যে বিচারিক প্রক্রিয়া চলছে, তার মুখোমুখি হতে হবে এবং যে দণ্ড দেওয়া হয়েছে, তা ভোগ করতে হবে।

রিজভী বলেন, ১৯৭১ সালে দেশের জনগণ নয় মাস যুদ্ধ করে ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই স্বাধীনতা রক্ষা পেয়েছে। ৭ নভেম্বরের চেতনা ছিল, বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে।

তিনি বলেন, জিয়াউর রহমানকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। এরপর সামরিক আইন জারি করে গণতন্ত্রকে হত্যা করা হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। দেশের স্বাধীনতা ও মর্যাদা ফিরিয়ে আনা ও কোনো প্রভুর শাসন মেনে না নেওয়াই ছিল সেই সংগ্রামের চেতনা।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যা গোটা রাষ্ট্রের চরিত্র হয়ে উঠেছিল। বেগম খালেদা জিয়া এ পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছেন।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রের আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুলিশি ব্যারিকেড অতিক্রম করে তারা মিছিল করেছেন, গ্রেপ্তারের ঝুঁকি নিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতে তারা রাজপথে আন্দোলন করেছেন। তাদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। শুধু কারও স্ত্রী, বোন বা ভাবি হিসেবে নয়, নিজস্ব রাজনৈতিক সংগ্রাম ও অবদানের জন্য তাদের স্বীকৃতি দিতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন করেছেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় অনেকে গ্রেপ্তার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং অনেক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখন নারীর ক্ষমতায়ন ও আধুনিক সমাজব্যবস্থা গড়ে তুলতে তাদেরকে সামাজিক আন্দোলনে ভূমিকা রাখতে হবে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি সাত জেলার প্রশাসন ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করেছে। গোপনে নানা কৌশলে বাল্যবিবাহ হচ্ছে। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক আন্দোলনের পর এখন মেয়েদের শিক্ষিত করা, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি, কর্মসংস্থান এবং পরিবার ও সমাজে তাদের ভূমিকা বাড়াতে কাজ করতে হবে।

নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, সরকার বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ দেবে। এ ঋণের সুযোগকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা হাঁস-মুরগি, ছাগল ও গরু পালনসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারবেন। উৎপাদিত পণ্য বিক্রি করে তারা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী’
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আমাদের অনুদান দরকার, ঋণ নয়। ঋণ দেশের ঋণের বোঝা আরও বাড়াবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের অনুদান প্রয়োজন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।  এর আগে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে কপ-৩১ এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল জাতিসংঘের উদ্যোগে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-৩১) সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় যায়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। তিনি বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয়তা ও করণীয় কপ৩১ সম্মেলনের মাধ্যমে বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণ, অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা। রিজভী বলেন, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কার্যক্রমে অংশ নিয়েছে। তিনি বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট প্রাণহানির ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরছে। ইউরোপের বিভিন্ন দেশেও এ বছর তীব্র তাপপ্রবাহে মানুষের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা জরুরি। রিজভী আরও বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করতে সম্মেলনে প্রধানমন্ত্রীর তুলে ধরা প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো উপকৃত হবে। প্রধানমন্ত্রীর এই সফরকে ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।  প্রধানমন্ত্রী কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান।  বৃহস্পতিবার তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন। সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। আরটিভি/টিআর
‘জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী’
আ.লীগের সঙ্গে সখ্যতা, ‘বড় খেসারত’ দিলেন মহিলা দল নেত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আ.লীগের সঙ্গে সখ্যতা, ‘বড় খেসারত’ দিলেন মহিলা দল নেত্রী
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে এনসিপির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে: রিজভী
ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী
কেবল মুখস্থবিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।  তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়। প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের প্রদীপ জ্বালায়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এই ভিশন হলো দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে। তিনি বলেন, চাকরি ও আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন আছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদ হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ভালো। তবে তা স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর সেই ইগো হালকা করে নিজেকে ‘সেলফ-রেসপেক্ট’ বা আত্মসম্মানের দিকে নিয়ে যেতে হবে। নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় তাদেরও এভাবে নবীনবরণ করা হয়েছিল। সময়ের স্রোতে পদ্মা-বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে, কিন্তু সংস্কৃতির চিরায়ত ধারা থেমে থাকেনি। দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।  কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  আরটিভি/এসআর
ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী
নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় তদবিরের অভিযোগ ওঠার পর ছাত্রদল নেতা ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
আরও পড়ুন
আমির হামজার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সমঝোতা
‘জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী’
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন