
‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ ও ‘গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস ফার্স্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’— শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে ঢাবি ছাত্রদল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য বাস্তবায়নে সহায়তার উদ্দেশ্যে ঢাবি ছাত্রদলের উদ্যোগে প্রতি শনিবার এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় কাজী মোতাহার হোসেন (অ্যানেক্স) ভবন, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা পরিষ্কার ও মশক নিধনের স্প্রে ছিটাতে সক্রিয়ভাবে সহায়তা করেন।
পরিচ্ছন্নতা অভিযানকালে ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে একটি প্রাণবন্ত ও সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে প্রতি শনিবার আমরা এই কর্মসূচি পালন করছি।
এ সময় তিনি আরও বলেন, আমাদের এই উদ্যোগ অন্যান্য ছাত্র সংগঠনসহ ক্যাম্পাসের সব শিক্ষার্থীকে পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে ও নিজের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে উৎসাহিত করবে বলে আমরা আশা করি।
এ সময় ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম খান, আল রাজিব রহমান ও নূরুল আমিন নূর, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, সহ-সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জোহরা, সহ-সাংগঠনিক সম্পাদক লিংকন সাহা, প্রচার সম্পাদক তানভীর হাসান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জারিফ রহমানসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম




