
পোল্যান্ড সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সম্ভাবনাময় ঠিকানা হয়ে উঠেছে। কাজের সুযোগ, শিক্ষার পরিবেশ এবং স্থিতিশীল অর্থনীতির কারণে ক্রমেই বেড়েছে বাংলাদেশিদের বসবাস। বর্তমানে পোল্যান্ডে কয়েক হাজার বাংলাদেশি কাজ করছেন, পড়াশোনা করছেন কিংবা ব্যবসা করছেন।
বাংলাদেশ দূতাবাস প্রায় এক দশক ধরে পোল্যান্ডে রয়েছে। এতদিন ধরে সব ধরনের কনস্যুলার সেবা শুধুমাত্র পোল্যান্ডের রাজধানী ওয়ারশে দেওয়া হতো। এতে দূরবর্তী শহরে থাকা প্রবাসীদের জন্য সময়, খরচ ও ভ্রমণ—সবকিছুই ছিল কষ্টকর। তবে, সদ্য নতুন রাষ্ট্রদূত পুলিশের সাবেক মহাপরিদর্শক ময়নুল ইসলাম পোল্যান্ডে যোগদানের পর এই বাস্তবতা বিবেচনা করে প্রথমবারের মতো বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার টিম রাজধানীর বাইরে গিয়ে পোজনান শহরে একদিনের জন্য সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।
দূতাবাস জানিয়েছে, ৩০ আগস্ট (শনিবার) লোকাল সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দূতাবাসের সেবা দিতে পোজনান সিটি সেন্টারের পাশে হোটেল ইবিসে অবস্থান করবে।
এই উদ্যোগের আওতায় ই-পাসপোর্ট আবেদন ও বিতরণ, ট্রাভেল ডকুমেন্ট, কনস্যুলার সনদ এবং ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন সেবা দেওয়া হবে। ই-পাসপোর্ট আবেদনকারীদের অনলাইনে ফর্ম পূরণ করে প্রিন্ট কপি, পুরোনো পাসপোর্ট (যদি থাকে) এবং জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে আনতে হবে। সেবা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, ইমেইল ঠিকানা [email protected]।
পোজনান ও আশেপাশের বাংলাদেশি কমিউনিটি দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। স্থানীয়রা বলছেন, এটি যদি নিয়মিত করা হয় বা অন্তত মাসে একবার বিভিন্ন বড় শহরে কনস্যুলার সেবা দেওয়া হয় তাহলে প্রবাসীদের বড় ভোগান্তি দূর হবে। ওয়ারশ থেকে দূরের শহরগুলো যেমন ক্রাকোভ, গেদাস্ক, ভ্রচওয়াব বা ক্যাটুভিছ শহরের বাসিন্দারাও এই সেবা পাওয়ার আশা প্রকাশ করেছেন।
আরটিভি/আরএ/এস




