
বাংলাদেশের বিজয় দিবসের আগের দিনে কলকাতার লোকভবনে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের।
রাজ্যপাল তার বক্তব্যে বলেন, বিজয় দিবস নিছক একটি তারিখ নয়। এটি সাহস, আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের প্রতীক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের সামনে জন্ম নিয়েছিল এক স্বাধীন বাংলাদেশ, যা অর্জিত হয়েছিল মানুষের অদম্য সংকল্পের মাধ্যমে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আজও মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনার প্রেরণা হয়ে রয়েছে। এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা জানান, কলকাতার সঙ্গে তাদের স্মৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যুদ্ধের সময় এই শহর এবং ভারতের মানুষের সহযোগিতা তারা কখনও ভুলতে পারেন না। তাদের কথায় উঠে আসে শরণার্থী জীবনের কষ্ট, যুদ্ধদিনের ভয় এবং স্বাধীনতার আনন্দ।
মুক্তিযোদ্ধারা বলেন, বিজয় দিবস তাদের কাছে শুধু উৎসব নয়, এটি আত্মত্যাগের স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ববোধের দিন।
বিজয় দিবসের প্রাক্কালে এই সংবর্ধনা অনুষ্ঠান ভারত–বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দিল।
আরটিভি/আরএ




