
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০০৭ সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। দীর্ঘ প্রবাসজীবনে সেই স্বপ্ন পূরণের আগেই হত্যাকাণ্ডের শিকার হয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন তিনি। তার মৃত্যুতে স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবার।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে দুবাই এয়ারলাইন্সের একটি বিমানে মহিন খানের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছে দেওয়া হয়। সেখানে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে শনিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ অংশ নেন।
মহিন খান ওই গ্রামের আবু তাহেরের ছেলে। তার স্ত্রী স্বর্ণা আক্তার ও ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্বজনদের বরাতে জানা গেছে, গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টো এলাকায় নিজ বাসা থেকে কোম্পানির মালিক ও মালিকের স্ত্রীসহ নিখোঁজ হন মহিন খান। রাত ৩টার দিকে তাদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জুলাই দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের আবেদন করেন পরিবারের সদস্যরা।
পরে ১৪ সেপ্টেম্বর দুবাই সিআইডি পুলিশ মহিন খান, তার কোম্পানির মালিক ও মালিকের স্ত্রীর মরদেহ আবুধাবির মরুভূমিতে বালুচাপা অবস্থায় উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। গত ৬ নভেম্বর পরিবারের সদস্যরা মহিন খানের মৃত্যুর তথ্য নিশ্চিত হন। এরপর ১৫ দিন আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মহিন খান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। একই সঙ্গে দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টো এলাকায় তার ব্যবহৃত প্রাইভেট গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তারা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী স্বর্ণা আক্তার ও তাদের কন্যাসন্তান এখন জীবনের অনিশ্চয়তায় পড়েছেন। প্রবাসে উপার্জনের অর্থ দিয়ে পরিবারের স্বপ্ন পূরণের আশা থাকলেও মহিন খানের মৃত্যুর মধ্য দিয়ে সেই স্বপ্ন থেমে গেছে।
মহিন খানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা করায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য, ডা. মো. আমিনুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, ঘটনাটি বিদেশে হওয়ায় তাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।
আরটিভি/এমএইচজে


