
প্রখ্যাত বাংলাদেশি পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান ২০২৭ সালের আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের আমেরিকান ফিজিক্যাল সোসাইটি (এপিএস) তাকে এ পুরস্কারে ভূষিত করেছে।
কোয়ান্টাম ফিজিক্সে বিভিন্ন ধরনের টপোলজিক্যাল অবস্থা আবিষ্কার এবং আধুনিক সারফেস সায়েন্সের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের ইউজিন হিগিন্স অধ্যাপক। কোয়ান্টাম পদার্থের বিচিত্র বৈশিষ্ট্য ও সম্ভাবনা নিয়ে তার গবেষণা আন্তর্জাতিকভাবে পরিচিত। বিশেষ করে টপোলজিক্যাল ইনসুলেটর ও ওয়েইল সেমিমেটালের মতো নতুন ধরনের কোয়ান্টাম পদার্থ আবিষ্কারে তার গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রিন্সটন ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, জাহিদ হাসানের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ত্রিমাত্রিক টপোলজিক্যাল ইনসুলেটর আবিষ্কার। এ ধরনের পদার্থের ভেতরের অংশ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, অথচ এর পৃষ্ঠ দিয়ে বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে। এমন বিশেষ বৈশিষ্ট্যের কারণে টপোলজিক্যাল ইনসুলেটর কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
তার গবেষণায় উঠে এসেছে ওয়েইল সেমিমেটাল নামে আরেক ধরনের কোয়ান্টাম পদার্থ। এতে ক্রিস্টালের ভেতরের ইলেকট্রনগুলো ভরহীন কণার মতো আচরণ করে। এসব কণাকে বলা হয় ওয়েইল ফার্মিয়ন। পদার্থবিজ্ঞানী হারমান ওয়েইল ১৯২৯ সালে তাত্ত্বিকভাবে এ ধরনের কণার ধারণা দিয়েছিলেন। জাহিদ হাসানের গবেষণায় ওয়েইল সেমিমেটালের আবিষ্কার কোয়ান্টাম পদার্থের নতুন একটি গবেষণাক্ষেত্রের সূচনা করে। ২০১৯ সালে এ আবিষ্কারসংক্রান্ত গবেষণার পেটেন্টও করা হয়। এর ফলে নতুন নতুন কোয়ান্টাম পদার্থ আবিষ্কার এবং কোয়ান্টাম বিজ্ঞান ও প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে জাহিদ হাসান জানান, এ পুরস্কারের দীর্ঘ ঐতিহ্যের অংশ হতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। পুরস্কারটির নামকরণ করা হয়েছে পদার্থবিজ্ঞানী ক্লিনটন ডেভিসনের নামে। ডেভিসন ছিলেন তার বৈজ্ঞানিক অনুপ্রেরণার অন্যতম উৎস। পরীক্ষামূলক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবেও ডেভিসন পরিচিত।
এম জাহিদ হাসানের জন্ম গাজীপুরের শ্রীপুরে। তার বাবা শ্রীপুর থেকে নির্বাচিত চারবারের সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী।
ঢাকায় পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ও ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি করেন। পিএইচডি গবেষণার সময় তিনি যুক্তরাষ্ট্রের এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতেও কাজ করেন।
২০০২ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে যোগ দেন জাহিদ হাসান। ২০১৭ সালে তাকে বিশ্ববিদ্যালয়টির ইউজিন হিগিন্স অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সাল থেকে তিনি প্রিন্সটন ইউনিভার্সিটির ল্যাবরেটরি ফর টপোলজিক্যাল কোয়ান্টাম ম্যাটার অ্যান্ড অ্যাডভান্সড স্পেকট্রোস্কপির প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রিন্সটন ম্যাটেরিয়ালস ইনস্টিটিউট ও প্রিন্সটন কোয়ান্টাম ইনিশিয়েটিভের সঙ্গেও যুক্ত তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স পুরস্কার ও ডেভিড এ শার্লি পুরস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছেন জাহিদ হাসান। ২০২১ সালে ইরানের মোস্তফা পুরস্কার পান মুসলিম এ বিজ্ঞানী। তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এবং আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের ফেলো।
১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ডেভিসন-জার্মার পুরস্কার পারমাণবিক পদার্থবিজ্ঞান ও সারফেস ফিজিক্সে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। পুরস্কারটির নামকরণ করা হয়েছে পদার্থবিজ্ঞানী ক্লিনটন ডেভিসন ও লেস্টার জার্মারের নামে। ইলেকট্রনের বিচ্ছুরণ নিয়ে তাদের গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ পুরস্কারের অর্থমূল্য ৫ হাজার মার্কিন ডলার। বিশ্বের যেকোনো দেশের বিজ্ঞানী এ পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।
আরটিভি/এমএইচজে


