
কানাডায় প্রতিদিন বা প্রায় প্রতিদিন গাঁজা সেবন করেন এমন মানুষের সংখ্যা প্রতিদিন মদ পান করেন এমন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশেষ করে ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে গাঁজা ব্যবহারের প্রবণতা বেশি। গবেষকদের মতে, কানাডার নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের অভ্যাসে প্রজন্মগত পরিবর্তন ঘটছে।
২৩ নভেম্বর প্রকাশিত কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে (সিএমএজে) প্রকাশিত গবেষণায় প্রায় এক লাখ কানাডীয়র তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের কানাডিয়ান কমিউনিটি হেলথ সার্ভের তথ্যের ভিত্তিতে করা এই গবেষণায় দেখা গেছে, দেশটির ৫ দশমিক ৭ শতাংশ মানুষ প্রতিদিন বা প্রায় প্রতিদিন গাঁজা সেবন করেন। সংখ্যার হিসাবে তা প্রায় ১৮ লাখ। অন্যদিকে, প্রতিদিন বা প্রায় প্রতিদিন মদ পান করেন ৫ দশমিক ২ শতাংশ মানুষ।
গবেষণায় আরও দেখা গেছে, সব বয়সী মানুষকে হিসাবে নিলে প্রতিদিন সিগারেট ধূমপানের হার এখনো বেশি। কানাডীয়দের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ প্রতিদিন সিগারেট পান করেন। তবে ৩৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে গাঁজা সেবনের হার মদ পান ও সিগারেট ধূমপান—দুটির চেয়েই বেশি।
গবেষণা অনুযায়ী, ২৫ থেকে ৩৪ বছর বয়সী পুরুষদের মধ্যে প্রতিদিন গাঁজা সেবনের হার সবচেয়ে বেশি, প্রায় ১১ শতাংশ। ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে প্রতিদিন গাঁজা সেবনের হার একই বয়সী নারীদের প্রতিদিন মদ পান করার হারের চেয়ে ১৭ গুণেরও বেশি।
গবেষণার প্রধান লেখক এবং হ্যামিলটনের ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের পিটার বরিস সেন্টার ফর অ্যাডিকশনস রিসার্চের পোস্টডক্টরাল গবেষক আন্দ্রে ম্যাকডোনাল্ড বলেন, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে প্রজন্মগত পরিবর্তন দেখা যাচ্ছে। অতীতে জনস্বাস্থ্যবিষয়ক আলোচনায় সিগারেট ও অ্যালকোহলের ওপর বেশি গুরুত্ব দেওয়া হতো। তবে নতুন গবেষণার ফলাফল বলছে, প্রতিদিন গাঁজা সেবনের বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
২০১৮ সালে কানাডায় বিনোদনমূলক ব্যবহারের জন্য গাঁজা বৈধ করা হয়। গবেষণায় অংশ নেওয়া প্রতিদিন বা প্রায় প্রতিদিন গাঁজা সেবনকারীদের প্রায় ৪১ শতাংশ জানিয়েছেন, বৈধ হওয়ার পর তাঁরা প্রতিদিন গাঁজা সেবন শুরু করেন।
তবে গবেষকেরা বলছেন, এর অর্থ এই নয় যে গাঁজা সেবনের হার ক্রমাগত বেড়েই চলেছে। বরং ২০১৮ সালে বৈধ হওয়ার পর প্রথম এক-দুই বছরে গাঁজা ব্যবহারে কিছুটা বৃদ্ধি দেখা গেলেও পরবর্তী সময়ে তা স্থিতিশীল হয়েছে। অন্যদিকে, মদ ও তামাক ব্যবহারের প্রবণতা কমেছে।
ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড হ্যামন্ড বলেন, সামগ্রিক জনস্বাস্থ্যের ক্ষতির বিবেচনায় তামাক ও অ্যালকোহল গাঁজার তুলনায় বেশি ক্ষতিকর। তবে গাঁজা ব্যবহারের ঝুঁকি একেবারে নেই, এমন ধারণা ঠিক নয়।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ও অতিরিক্ত গাঁজা সেবনে আসক্তি তৈরি হতে পারে। বিশেষ করে কিশোর ও তরুণদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ও ম্যাকগিল রিসার্চ সেন্টার ফর ক্যানাবিসের পরিচালক রোমিনা মিজরাহি বলেন, অতিরিক্ত গাঁজা সেবনে উদ্বেগ, বিষণ্নতা এবং সাইকোসিসের ঝুঁকি বাড়তে পারে। উচ্চমাত্রার টিএইচসি (THC) সমৃদ্ধ গাঁজা ব্যবহারে এই ঝুঁকি আরও বেশি হতে পারে। ২৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গাঁজা সেবনকারীদের প্রায় ৬৮ শতাংশ ধূমপানের মাধ্যমে গাঁজা গ্রহণ করেন। এছাড়া কম আয়ের মানুষের মধ্যে প্রতিদিন গাঁজা সেবনের প্রবণতা তুলনামূলক বেশি। বছরে দেড় লাখ কানাডীয় ডলারের বেশি আয় করেন এমন ব্যক্তিদের মধ্যে এই হার সবচেয়ে কম।
তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তথ্যগুলো অংশগ্রহণকারীদের নিজেদের দেওয়া উত্তরের ওপর ভিত্তি করে সংগ্রহ করা হয়েছে। প্রতিদিন গাঁজা সেবনকারীরা দিনে কতবার তা ব্যবহার করেন, সেই তথ্যও গবেষণায় পাওয়া যায়নি। এ ছাড়া ভ্যাপিংয়ের মাধ্যমে গাঁজা ব্যবহারের বিষয়টি এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, কানাডায় গাঁজা বৈধ হওয়ার পর এর ব্যবহার নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলেছে। তরুণদের মধ্যে এই প্রবণতা দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে। তাই গাঁজার অতিরিক্ত ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি।
আরটিভি/জেএমএ




