
কানাডার সারে শহরে একটি ওয়ালমার্ট দোকানের সামনে গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহত হয়েছেন। গত ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে দোকানটির গাড়ি রাখার জায়গায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
নিহতরা হলেন ২৩ বছর বয়সী গগনপ্রীত (গ্যারি) রেহাল এবং ২৪ বছর বয়সী সুখজিৎ কাউর। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা কানাডার ডেল্টা এলাকার বাসিন্দা ছিলেন।
কানাডার সমন্বিত হত্যাকাণ্ড তদন্ত দল জানিয়েছে, প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের সঙ্গে সংঘবদ্ধ অপরাধী চক্রের যোগসূত্র থাকার সন্দেহ করা হচ্ছে। ঘটনার প্রায় ১৩ মিনিট পর কাছাকাছি একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। পুলিশের ধারণা, পুড়ে যাওয়া গাড়িটি হামলাকারীদের ব্যবহৃত গাড়ি হতে পারে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ও গাড়ির ক্যামেরায় ধারণ করা কোনো ভিডিও থাকলে তা দিয়ে তদন্তে সহায়তার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আরটিভি/জেএমএ


