
ব্রাজিলের তেরেসিনা শহরে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার রাফেলা কাব্রাল। দুই কন্যাসন্তানের এই মায়ের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও অনুসারীদের মধ্যে।
স্থানীয় সময় রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে তেরেসিনার স্যাটেলাইট এলাকার ইঞ্জিনিয়ার্স ক্লাবে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্লাবে উপস্থিত কয়েকজনের সঙ্গে একটি বিষয় নিয়ে রাফেলার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অজ্ঞাতপরিচয় এক বন্দুকধারী তাকে গুলি করে।
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাফেলা। জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পর সিভিল পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। তদন্তের অংশ হিসেবে ক্লাবটি সিলগালা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্দেহভাজন এখনও পলাতক।
রাফেলা কাব্রাল সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এবং ইনস্টাগ্রামে তার বিপুলসংখ্যক অনুসারী ছিল। আইন নিয়ে পড়াশোনার পাশাপাশি তিনি ম্যাসেজ থেরাপিস্ট ও কাইটসার্ফিং প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন।
এদিকে, একই শহরে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার সঙ্গে রাফেলা হত্যার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
রাফেলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। দুই কন্যাসন্তানকে রেখে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
আরটিভি/এসকে




