
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ প্রশ্ন তুলেছেন, জামায়াতে ইসলামী কি জনগণের অধিকার আদায়ের জন্য সরকারের বিরোধিতা করছে, নাকি বিরিয়ানির ভাগ পাওয়ার জন্য।
বুধবার (২১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
আবু হানিফ তার পোস্টে লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে, আর তারা বিরিয়ানি খায়।
জামায়াত নেতার এই বক্তব্য নিয়ে যথেষ্ট প্রশ্নের সুযোগ রয়েছে, কেননা আমরা দেখি সংসদের ভেতরে বিরোধী দলের এক ধরনের বক্তব্য, আর সংসদের বাইরে রাজপথে আরেক ধরনের হুংকার,এই দ্বিমুখী রাজনীতি আসলে কিসের ইঙ্গিত দেয়? রাজপথে সরকার পতনের হুমকি, অথচ সুযোগ-সুবিধার ভাগ পেলে নরম সুর,এ কেমন বিরোধিতা?
এখন প্রশ্ন হচ্ছে এসব হুমকি কিংবা হুংকার কি জনগণের অধিকার আদায়ের জন্য নাকি নিজেরা বিরিয়ানির ভাগ পাওয়ার জন্য? বিরিয়ানির ভাগ পেলে বিরোধী দলের আচরণ দেখে মনে হয়,জনগণের অধিকারের জন্য নয়, জামায়াত বিরিয়ানির ভাগের জন্য বিরোধিতা করে। অথচ বিরোধী দলের দায়িত্ব সরকারের কাছ থেকে বিরিয়ানির ভাগ আদায় করা নয়,বরং জনগণের অধিকার আদায়, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং জনস্বার্থে আপসহীন থাকা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপির সংসদ সদস্যরা কোটি কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন। এ নিয়ে বিরোধী দল কথা বললে অন্য খাত থেকে সামান্য বরাদ্দ দেওয়া হয়। বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে, আর তারা বিরিয়ানি খায়।
তার মন্তব্যের প্রতিক্রিয়ায় আবু হানিফ এ মন্তব্য করেন।
আরটিভি/এমএ



