
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন শনিবার। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সকাল থেকে বসবে সাধারণ সভা (এজিএম)। খাবারের বিরতির পর দুপুর দুইটা থেকে শুরু হবে ভোটের লড়াই। ২১ পদের জন্য সারা দেশ থেকে নির্বাচনে লড়ছেন মোট ৪৯ জন প্রার্থী। একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন ১৩৯ জন কাউন্সিলর।
মূলত লড়াই হচ্ছে সম্মিলিত পরিষদ ও সমন্বয় পরিষদের মধ্যে। সম্মিলিত পরিষদের ২১ জনের প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন কাজী মো. সালাউদ্দিন। তবে সমন্বয় পরিষদের ১৯ জনের প্যানেলে নেই কোনও সভাপতি প্রার্থী। তিনবারের সভপতি সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়ে বাফুফের প্রধান পদে জয়ী হতে লড়ছেন শফিকুল ইসলাম মানিক। কোনও প্যানেল নয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই কোচ একাই নির্বাচনে অংশ নিচ্ছেন। মানিক ছাড়াও সভাপতি পদে মনোনয়ন কিনেছিলেন বাদল রায়। যদিও শেষ পর্যন্ত তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন না প্রত্যাহার করায় তিনিও থাকছেন এবারের নির্বাচনে।
চতুর্থবার সভাপতি পদে নির্বাচন করতে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছেন সালাউদ্দিন। তার প্যানেলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে থাকছেন আবদুস সালাম মুর্শেদী। সহ-সভাপতি পদে নির্বাচন করছেন কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান ভূঁইয়া (মানিক) ও ইমরুল হাসান।
সম্মিলিত পরিষদ প্যানেলের সদস্য হিসেবে রয়েছেন, হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন চৌধুরী, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল হাসান হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু ও নুরুল ইসলাম (নুরু)।
বাফুফে নির্বাচনে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক।
অন্যদিকে সমন্বয় পরিষদ থেকে ২৪ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। এই পরিষদে সিনিয়র সহ-সভাপতি পদে লড়ছেন শেখ মো. আসলাম। সহ-সভাপতি পদে নির্বাচন করছেন মহিউদ্দিন মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান এবং আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।
সমন্বয় পরিষদের ১৫ জন সদস্য হলেন- আমিনুল হক মামুন, আবদুল ওয়াদুদ পিন্টু, টিপু সুলতান, মনজুরুল আহসান, মহিদুর রহমান মিরাজ, মিজানুর রহমান, মোহাম্মদ সাব্বির হোসেন, আমের খান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, ফজলুর রহমান বাবুল, সাইফুল ইসলাম, হাসানুজ্জামান খান বাবলু, শাকিল মাহমুদ চৌধুরী ও সৈয়দ মোস্তাক আলী মুকুল।
বাফুফে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মেজবাহ উদ্দীন। তার নেতৃত্বে কমিশনার হিসেবে রয়েছেন মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোতাহার হোসেইন সাজু।
ভোটের আগের দিন শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের সকল প্রস্তুতি শেষ বলেও জানান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ‘দুপুর দুইটায় শুরু হবে ভোট গ্রহণ। শেষ হবে ছয়টায়। এরপরই শুরু হবে গণনা। আশা করি যেভাবে কংগ্রেস যেভাবে হয় সেভাবেই হবে। পুরো সময়ে ডেলিগটরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। ভোট দেবেন ফলাফল দেখবেন।’
করোনাকালে ভোট তাই সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি নতুন নির্দেশনাও দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
মেজবাহ উদ্দীন বলেন, ‘কোভিড সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। ভোট দেয়ার লাইন ধরার সময় আলাদা চিহ্ন থাকবে। স্যানিটাইজার ও হাত ধোঁয়ার ব্যবস্থাও থাকবে।’
কোনও প্রার্থীর করোনা পরীক্ষা করা হচ্ছে কি না?
এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হোটেলে প্রবেশের সময় তাপমাত্রা মাপা হচ্ছে। সেটাই আপাতত টেস্ট।’
বাফুফে নির্বাচনে ফিফা বা এএফসির কোনও প্রতিনিধি উপস্থিত থাকছেন?
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের কাছে এমর কোনও খবর নেই। তবে ভার্চুয়ালি উপস্থিত হবেন তারা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হবে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
মেজবাহ উদ্দীন বলেন, ‘বৃহস্পতিবার তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে আইনগত বিধানগুলো তাদের জানিয়েছি। বিধান অনুযায়ী তারা পর্যবেক্ষণ করবেন। আমরাও সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।’
গেল ৫ থেকে ৭ সেপ্টেম্বর বাফুফে নির্বাচন ২০২০ এ অংশ নিতে সভাপতি পদে তিনটি, সিনিয়র সহ-সভাপতি পদে দুটি, সহ-সভাপতির চারটি পদের বিপরীতে আটটি এবং ১৫টি সদস্য পদের বিপরীতে ৩৬টি মনোনয়নপত্র বিক্রি হয়। ৮ সেপ্টেম্বর সবাই মনোনয়নপত্র দাখিল করেন।
আরও পড়ুন:
নির্বাচন যেন একার, বাফুফের ব্যানার-ফেস্টুন তাই বলে
ওয়াই




