
বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ তার। এরপর তো দুনিয়া থেকেই বিদায় নিয়ে নিলেন নাজিব তারকাই।
আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহরের একটি দোকান থেকে বের হয়ে রাস্তা পার হবার সময়ে সজোরে ধাক্কা লাগে একটি গাড়ির সঙ্গে।
এরপর থেকেই টানা তিন দিন ছিলেন কোমায়। বেশ কয়েক বার অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত আর পেরে উঠতে পারেননি মৃত্যুর সঙ্গে। দুনিয়াকে বিদায় জানাতে হলো ২৯ বছর বয়সী এই ওপেনারকে।
নাজিবের মৃত্যুতে শোক জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। টুইট বার্তায় আফগান ক্রিকেট বোর্ড লিখেছে, ‘এটা খুবই দুঃখের যে আমাদের আক্রমণাত্মক ব্যাটসম্যান ও আমাদের বন্ধু নাজিব তারকাই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তাকে হারানোর শোক আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে। সৃষ্টিকর্তা তার পরিবার ও বন্ধুদের শোক সইবার ক্ষমতা দিক, তার উপর রহমত বর্ষণ করুক।’
সতীর্থের মৃত্যু ছুঁয়ে গেছে মোহাম্মদ নবীকে। টুইট বার্তায় তিনি লেখেন, ‘অনেক কষ্ট হচ্ছে আমাদের বন্ধু ও একজন দারুণ ক্রিকেটার নাজিব তারকাইকে হারিয়ে। তাকে হারিয়ে আমরা সবাই শোকাহত। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সহমর্মিতা। তিনি শান্তিতে থাকুক। এটাই প্রার্থনা।’

অভিষেক ম্যাচে সাকিবের বলে ক্যাচ দিয়ে ৭ রানে ফেরেন নাজিব
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তারকাইয়ের। শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটিও খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। এর মাঝে তিনি খেলেছেন ১টি ওয়ানডে ও ১২টি টি০টোয়েন্টি ম্যাচ।
এছাড়া ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৭.২০ গড়ে করেন ২ হাজার ৩০ রান। সর্বোচ্চ ২০০ রানের ইনিংসও খেলেন তারকাই। ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিং করেও নেন ২১ উইকেট। সবশেষ গত মাসে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলেছেন নাজিব।
এমআর/ওয়াই




