
তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট শেষ হতে না হতেই শুরু হয়েছে হাই-পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন ক্যাম্প। কদিন পরেই খেলতে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। ওয়ানডে কাপে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী।
এইচপি দলের ক্যাম্পে বেশ পরিশ্রম করছেন আকবর। এই দলে শুধু আকবর একা নন, বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজনের জায়গা হয়েছে এইচপি দলে।
আকবর অবশ্য বিশ্বকাপ জয়ের সাফল্যকে বয়সভিত্তিক ক্রিকেটেই রেখে দিতে চান। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে জানালেন তার ভাবনা এখন পুরোটাই ভবিষ্যৎ নিয়ে।
‘এটা অনেক দিন হয়ে গেছে। প্রায় ৮-৯ মাস হয়ে গেছে। ওটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়) নিয়ে মনে হয় না কেউ আর ভাবে। হ্যাঁ, যখন মনে হয়, তখন অবশ্যই ভালো লাগে। তবে এখন সামনে তাকাতে হবে।’
বিশ্বকাপ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে খেলেছেন আকবর। সেটা প্রস্তুতি ম্যাচ হলেও ওয়ানডে টুর্নামেন্ট হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে প্রতিযোগিতার আবহে। আকবর বুঝে গেছেন এখানে খেলা কতটা প্রতিযোগিতার।
‘আমি তামিম ভাইয়ের দলে ছিলাম, তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাই ওনাদের সাথে অনেক কথা হয়েছে। তাদের কাছ থেকে যতটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি। তারাও অনেক ভালো ভালো ভাবনা দিয়েছে। আমি আশা করি তাদের কথাগুলো কিংবা তাদের সে অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো।’
ওয়ানডে কাপ যেমন উপভোগ্য ছিল অভিজ্ঞদের সঙ্গে খেলাটা, তেমনই এইচপি দলের অনুশীলনও উপভোগ করছেন বলে জানিয়েছেন আকবর। ‘আমি যেটা ফিল করি সেটা হলো যেখানেই থাকি সেখানেই উপভোগ করার চেষ্টা করি। সেখান থেকেই বেশিরভাগ শেখার চেষ্টা করি। এখন এইচপিতে আছি। এখান থেকেই ম্যাক্সিমাম শেখার চেষ্টা করছি। এখানেই যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’
‘দুইদিন হলো, এখনই আসলে বলাটা কঠিন। কিন্তু কোচ এই দুইদিন যে জিনিসটার উপর জোর দিলেন তা হলো আমার ব্যাটিং। ব্যাটিং নিয়ে কাজ করছেন, সবার ব্যাটিং ভিডিওগুলো দেখছেন। সে ভিডিওগুলো দেখে হয়তো আমাদেরকে একটা আউটপুট দিবেন যে আমাদের এটা উন্নতি করা দরকার বা এই জায়গায়গুলো সামনে এগোনো দরকার।’
এমআর/পি




