
ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম-ইলেভেন নামের একটি অ্যাপস এবারের আইপিএলের টাইটেল স্পন্সর। যে অ্যাপস দিয়ে খেলা যায় অনলাইন বেটিং। শুধু এই একটা অ্যাপসই নয়, বেশ কয়েকটি অ্যাপস দিয়েই বেটিং করা যায় অনায়াসে।
এসব অ্যাপসের বিজ্ঞাপন দিয়ে আইনি নোটিশ পেয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি বি পাগালেন্ধির মাদুরাই বেঞ্চ এই নোটিশ পাঠান গাঙ্গুলী-কোহলিকে। এখানেই থেমে নেই, নোটিশ পাঠানো হয়েছে ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ, রানা, সুদীপ খান ও অভিনেত্রী তামান্নাকে। এর আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যাদের নোটিস পাঠানো হয়েছে, তাঁদের ১৯ নভেম্বরের মধ্যে জবাব দেয়ার কথা বলা হয়েছে।
অনেক আগেই ভারতে ক্রিকেট বেটিং নিষিদ্ধ হয়। তাতেও থেমে নেই বেটিং। বেটিংয়ের বিভিন্ন অনলাইন স্পোর্টস অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে দেশটিতে। চাইলেই খুব সহজে খেলা যায় এসব বেটিং অ্যাপসগুলোতে।
চলতি বছরের অগাস্টে অনলাইন জুয়া নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের করেন চেন্নাইয়ের এক আইনজীবী।
কিছুদিন আগে তামিলনাড়ুতে কয়েকজন যুবক বেটিং অ্যাপে জুয়া খেলে আর্থিক ক্ষতির মুখে পড়ে আত্মহত্যা করেন। মূলত এই কারণ দেখিয়েই মামলা করেন আইনজীবী মোহাম্মদ রিজভী।
আইপিএলের চলতি আসরে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসেও স্পন্সর করেছে এই ধরনের অ্যাপস।
উল্লেখ্য, অ্যাপারেল নামের একটি স্পোর্টস অ্যাপ তিন বছরের জন্য স্পনসর হিসেবে যুক্ত হয়েছে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে। এই অ্যাপসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছে গাঙ্গুলী, কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনি।
আরও পড়ুন:
দেখে নিন ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিল
এমআর/




