
মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন ফুটবল প্রেমীরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা-জুভেন্টাস। ফুটবলের দুই প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কে সেরা, এই নিয়ে রয়েছে দ্বন্দ্ব। জমজমাট এই ম্যাচের আগে দেখে নিবো দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান।
রোনালদোর ক্যারিয়ার শুরু হয় ২০০২ সালে। স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের পর বর্তমান ঠিকানা জুভেন্টাস।
দুই বছর পর সর্বোচ্চ পর্যায়ে খেলা শুরু করেন মেসি। এই পর্যন্ত বার্সেলোনা ছাড়া কোনও ক্লাবেই খেলেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।
জাতীয় দল ও ক্লাবের হয়ে ৩৫ বছর বয়সী রোনালদো ক্যারিয়ারজুড়ে খেলেছেন ১ হাজার ২৯ ম্যাচ। গোল করেছে ৭৫০টি। গোল করতে সহায়তা করেছেন ২২১ বার।
অন্যদিকে ৮৮৬ ম্যাচ খেলে ৭১২ গোল করেছেন মেসি। গোল করিয়েছেন ৩০০টি।
মেসির তুলনায় রোনালদো ১৪৩টি ম্যাচ বেশি খেলেছেন। মাত্র ৩৮টি গোল বেশি রয়েছেন তার। প্রতিদ্বন্দ্বীর তুলনায় ৭৯টির বেশি অ্যাসিস্ট রয়েছে মেসির নামের পাশে।
মেসি-রোনালদো একে অপরের মুখোমুখি হয়েছেন মোট ৩৫ বার। এর মধ্যে ৩০টি ম্যাচই ছিল এল ক্লাসিকো খ্যাত বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের লড়াই। তিনটি ম্যাচে রোনালদো খেলেছেন ম্যানইউ’র হয়ে। বাকি দুই ম্যাচ ছিল নিজ নিজ জাতীয় দলের।
রোনালদোর বিপক্ষে খেলতে নেমে ২২ গোল করেছেন মেসি। রয়েছে ১১টি অ্যাসিস্ট। অন্যদিকে ১৯টি গোল করেছেন রোনালদো। গোল করিয়েছেন মাত্র ১টি।
শুধু গোল নয় ম্যাচ জয়ের হিসেবেও এগিয়ে রয়েছেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী।
দুই জনের লড়াইয়ে মেসি মোট ম্যাচ জিতেছেন ১৬টি। রোনালদো ম্যাচ জিতেছেন ১০ বার।
সবশেষ ২০১৮ সালের মে মাসে মুখোমুখি হয়েছিলেন দুই মহাতারকা। দীর্ঘ আড়াই বছর পর আবারও এই মাঠের লড়াইয়ে দেখা যাবে তাদের।
লা লিগায় বার্সেলোনার অবস্থা খুব একটা ভালো নয়। তবে চ্যাম্পিয়নস লিগে দারুণ নৈপুণ্য দেখাচ্ছে কাতালান ক্লাবটি। ইউরোপ সেরার লিগে ‘জি’ গ্রুপে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রোনাল্দ কোম্যানের দল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জুভেন্টাস। দুই দলই নিশ্চিত করেছে, নকআউট পর্ব। তবে জুভেন্টাসের সামনে সুযোগ রয়েছে গ্রুপ পর্বে সেরা হওয়ার।
এছাড়া প্রথম লেগে বার্সার কাছে ২-০তে হারের প্রতিশোধ নেওয়ারও সুযোগ রয়েছে তাদের। ওই ম্যাচে অবশ্য করোনা আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে বার্সেলোনা ও জুভেন্টাসের ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।
ওয়াই




