
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে। তার আগে দুঃসংবাদ নিউ জিল্যান্ড দলে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসার লকি ফার্গুসন ছিটকে গেছেন এই সিরিজ থেকে।
পিঠে চোট পাওয়ায় লকি ফার্গুসনকে মাঠের বাইরে থাকতে হচ্ছে অন্তত ছয় সপ্তাহ। তাই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে ফার্গুসনের খেলা হচ্ছে না নিশ্চিতভাবেই।
শুধু পাকিস্তানের বিপক্ষেই নয়, অস্ট্রেলিয়া সফরের শুরুতে ওয়ানডে সিরিজেও খেলার সম্ভাবনাও নেই এই পেসারের।
আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ রয়েছে কিউইদের। এই সিরিজে তাকে পাবার আশা করছেন কোচ গ্যারি স্টেড।
যদি শেষ পর্যন্ত ফার্গুসনের টি-টোয়েন্টি সিরিজেও খেলা না হয় তবে মার্চে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরার আশা রয়েছে।
ফার্গুসনকে নিয়ে স্টেড জানান, ফার্গুসনের মেরুদণ্ডে সামান্য চিড় ধরা পড়েছে। সে চিকিৎসাধীন রয়েছেন। তবে ডাক্তার জানিয়েছে কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। পর্যাপ্ত বিশ্রামেই সেরে উঠবে সে।
ফার্গুসন নিউ জিল্যান্ডের হয়ে একটি টেস্ট, ৩৭টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন এখন পর্যন্ত।
এমআর/




