
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে আঙুলের চোটে ছিটকে গেছেন অধিনায়ক ও দলের সেরা ব্যাটসম্যান বাবর আজম। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন লেগ স্পিনার শাদাব খান।
আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ বছর বয়সী শাদাব খানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কুঁচকির চোটে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচও খেলতে পারেননি শাদাব খান। কিউইদের বিপক্ষে সিরিজের আগেও শঙ্কা ছিল এই লেগ স্পিনারের খেলা নিয়ে। তবে শেষ পর্যন্ত চোট কাটিয়ে নেতৃত্ব দেবেন দলকে।
১৮ ডিসেম্বর অকল্যান্ডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ২০ ও ২২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় শেষ ম্যাচটি।
১৫ সদস্যের দল: শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলী, হারিস রউফ, হুসেন তালাত, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), সরফরাজ আহমেদ (উইকেট-রক্ষক), শাহীন শাহ আফ্রিদি ও ওহাব রিয়াজ।
এমআর/




