
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কা। সেঞ্চুরিয়ানে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে সফরকারীরা। তবে দুঃসংবাদ শুনতে হয়েছে লঙ্কানদের।
বাম ঊরুতে চোট পেয়ে শেষ হয়ে গেছে ধনঞ্জয়া ডি সিল্ভার দক্ষিণ আফ্রিকা সফর। লঙ্কান এই অলরাউন্ডারের সফর শেষ হবার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাই চলতি টেস্ট তো শেষ, খেলা হবে না জোহানসবার্গ টেস্টও।
চোটে পড়ার আগে নিজের ৭৯তম রান নিয়ে শুয়ে পড়েন মাঠে। এরপর ফিজিওর কাঁধে ভর দিয়ে ছাড়তে হয় মাঠ।
লঙ্কানরা দলীয় ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে যখন বিপাকে তখন ধনঞ্জয়ার ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়ায়। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসের পথে থাকা ধনঞ্জয়া অফ-স্পিনেও প্রতিপক্ষকে বিপাকে ফেলার ক্ষমতা রাখেন। তাই চলতি সিরিজে দল তাকে নিশ্চিত ভাবেই মিস করবে অনেক।
এসএলসি জানিয়েছে অন্তত দুই সপ্তাহ দলের বাইরে থাকতে হবে ধনঞ্জয়াকে। আগামী বছর জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে ফেরার আশা করছে বোর্ড।
এমআর/




