
ইংল্যান্ডের পর পাকিস্তান সফর নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই সফরে রয়েছে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী বছর জানুয়ারিতে পাকিস্তান যাবে তারা।
বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে প্রোটিয়াদের পাকিস্তান সফর। এর আগে দক্ষিণ আফ্রিকা ২০০৭ সালের অক্টোবরে শেষবার পাকিস্তান সফর করে। ওই সফরে ছিল দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে।
সূচী অনুযায়ী আগামী ২০২১ সালের ১৬ জানুয়ারি পাকিস্তানে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপর কোয়ারেন্টিনে থাকতে হবে প্রোটিয়াদের। সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। ২৬ জানুয়ারি করাচিতে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয় ও শেষ টেস্ট ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাওয়ালপিন্ডিতে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১১ ফেব্রুয়ারি। বাকি দুই ম্যাচ ১৩ ও ১৪ ফেব্রুয়ারি। ৩টি টি-টোয়েন্টির সবকটাই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘ ছয় বছর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়নি পাকিস্তানে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করে পিসিবি। তারই ফলস্বরূপ ২০১৯ সালে শ্রীলঙ্কা ও চলতি বছরের শুরুতে পাকিস্তান সফর করে বাংলাদেশ।
এমআর/




