
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের লড়াইয়ে মাঠে নামবে নামিবিয়া বনাম নেদারল্যান্ডস। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল চারটায়। দিনের দ্বিতীয় ম্যাচে একই মাঠে রাত আটটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে আয়ারল্যান্ড।
দীর্ঘ ১৮ বছর পর আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসে শুরুটা খুব একটা রাঙাতে পারেনি আফ্রিকার দেশ নামিবিয়া। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে গেছে তারা। তবে সেই ব্যর্থতা ভুলে যেতে চাইবে গেরহার্ড ইরাসমাস বাহিনী। নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য এখন তাদের সামনে।
নেদারল্যান্ডসও ছেড়ে কথার বলার নয়। যদিও নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গেছে ডাচরা। ২০০৯ ও ২০১৪ দুই আসরে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেওয়া নেদারল্যান্ডস কাগজে কলমে নামিবিয়ার চেয়ে শক্তিধর। সেই শক্তির পরীক্ষায় এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নামবে রায়ান টেন ডেসকাট, বেন কুপার, পিটার সিলারদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা।
দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে সহজ জয় আত্মবিশ্বাস জুগিয়েছে দাসুন শানাকা বাহিনীর। আভিষ্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসের ব্যাটে নিজেদের শক্তির জানান দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের ফাইনালিস্টদের।বল হাতে মহেশ থিকশানা, লাহিরু কুমারা ও হাসারাঙ্গা ডি সিলভার পারফর্ম্যান্স লঙ্কানদের টি-টোয়েন্টির দুঃসময় কাটিয়ে ওঠার ইঙ্গিতই দিচ্ছে।
আয়ারল্যান্ড টি টোয়েন্টিতে কতটা শক্তিশালী তা প্রস্তুতি ম্যাচ ও রাউন্ডের প্রথম ম্যাচেই দেখিয়েছে তারা। নেদারল্যান্ডসকে হারিয়েছে ৭ উইকেটে। পেসার ক্যামফারের ধ্বংসযজ্ঞ দেখেছে ক্রিকেট বিশ্ব। চার বলে চার উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নতুন কীর্তি গড়েন এই পেসার। নিজেদের ৬ষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ রাঙাতে পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি আর কেভিন ও’ব্রায়েনরা মুখিয়ে আছেন।
ওয়াই/এসকে




