
ব্রিজবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের ৯৪, মার্নাস লাবুসানের ৭৪ ও ট্রাভিস হেডের ১৫১ রানের ইনিংসে ভর করে ৪২৫ রান তোলে স্বাগতিকরা।
২৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে মাত্র ২৩ রানের মাথায়। ররি বার্নসকে ১৩ রানে বিদায় করে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক প্যাট কামিন্স। এরপর দলীয় ৬১ রানের মাথায় আরেক ওপেনার হাসিব হামিদকে ২৭ রানে বিদায় করেন মিচেল স্টার্ক।
দুই ওপেনারের বিদায়ে বিপাকে পড়া দলের ইনিংস মেরামতের কাজ শুরু করেন দাউইদ মালান ও জো রুট। শেষ পর্যন্ত দুজনের জুটিতেই শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা।
অজি পেসারদের গতির কাছে হার না মানা রুট ও মালান দুজনেই তুলে নিয়েছেন অর্ধশতক। চতুর্থ দিনে দুজনের সামনেই অপেক্ষা করছে শতকের মাইলফলক। কেননা, মালান ৮০ ও রুট ৮৬ রানে অপরাজিত রয়েছেন। দুজনের জুটি থেকে এসেছে ১৫৯ রান।
তৃতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান। অজিদের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে আছে মাত্র ৫৮ রানে। প্রথম ইনিংস বাজে ভাবে শেষ হওয়ার পরও ইংলিশরা এখন অজিদের লিড দেওয়ার অপেক্ষায়।
এম/টিআই




