
অ্যাশেজের তৃতীয় ম্যাচেও হতাশা কাটছে না ইংল্যান্ডের। প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হারের শঙ্কায় থাকা ইংল্যান্ড মেলবোর্নে তৃতীয় টেস্টে টসে হেরে আমন্ত্রণ পায় ব্যাট করার। ব্যাটিং করতে নেমে তোপের মুখে পড়ে অজি পেসারদের।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার হাসিব হামিদকে (০) ফেরান প্যাট কামিন্স। দ্বিতীয় টেস্টে না খেলতে পারা অজি অধিনায়ক কামিন্স ফিরেই কাঁপুন ধরিয়েছেন ইংলিশ ব্যাটারদের।
টপ-অর্ডারের তিন ব্যাটারকেই ফিরিয়েছেন অজি অধিনায়ক। হাসিবের পর আরেক ওপেনার জ্যাক ক্রোলিকে ১২ রানে ফেরান সাজঘরে। তিন নম্বরে ব্যাট করতে নামা দাউইদ মালানকেও থিতু হতে দেননি কামিন্স, ফিরিয়েছেন ১৪ রানে।
কামিন্স টানা তিন উইকেট তুলে নেয়ার পর মিচেল স্টার্ক, ক্যামেরুন গ্রীন আর ন্যাথান লায়নের তোপে পড়ে ইংলিশরা। জো রুট একপাশ আগলে রেখে ৫০ পূর্ণ করলেও ক্যাচ দিয়ে ফেরেন স্টার্কের বলে। বেন স্টোকস গ্রিনের বলে ক্যাচ দেয়ার আগে করেন ২৫ রান। ৩৫ রান করা জনি বেইরষ্ট্রোকে ফেরান স্টার্ক। এরপর বালির বাঁধের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ।
শেষ পর্যন্ত ৬৫.১ ওভারে ১৮৫ রান তুলতেই অল-আউট হয় সফরকারীরা। কামিন্স ও লায়ন ৩টি করে উইকেট নেন। এছাড়া ২ উইকেট নেন স্টার্ক এবং ১টি করে উইকেট নেন স্কট বলান্ড ও গ্রিন।
প্রথম দিন শেষের আগে ব্যাট করতে নেমে ১৬ ওভার খেলে অজিরা। তাতে ৬১ রান তুলতে হারায় ১ উইকেট। ডেভিড ওয়ার্নারকে ৩৮ রানে বিদায় করেন জেমস অ্যান্ডারসন।
এম/




