
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে জানুয়ারির ১ তারিখে। তার প্রায় কুড়ি দিন আগেই নিউজিল্যান্ড পৌঁছে গেছে বাংলাদেশ দল।
পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সাত দিনের জন্য কোয়ারেন্টিনে প্রবেশ করে গোটা দল। তবে তিন দিনের মাথায় জানা যায়, দলের সঙ্গে যোগ দেয়া স্পিন কোচ রঙ্গনা হেরাথ কোভিড পজিটিভ।
১৬ ডিসেম্বর দলের একটি গ্রুপকে অনুশীলনের জন্য অনুমতি দেয়া হলেও পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের নির্দেশে পুনরায় কোয়ারেন্টিনে প্রবেশ করে দল।
এই কোয়ারেন্টিনের সময় আগামী ২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাতে ব্যাঘাত ঘটছে অনুশীলন এবং জিমের। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের নির্দেশে ‘হলুদ ব্যান্ড’ দেয়া হয়েছে কয়েকজনকে। এখন তারা দূরত্ব বজায় রেখে দেখা করতে পারবে একে অন্যের সঙ্গে।
এদিকে রোববার শেষ দফায় কোভিড টেস্ট করানো হয়েছে সবাইকে। এই পরীক্ষায় নেগেটিভ আসলে তবেই অনুশীলনে নামতে পারবে সবাই। এখন বাংলাদেশ দলের সবার অপেক্ষা ‘নেগেটিভ’ শব্দটার।
দলের তরুণ পেসার শরিফুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া ভিডিও বার্তায় বলেছেন, “আলহামদুলিল্লাহ্ আমাদের অনেক ভালো লাগছে। আজ (রোববার) আমাদের একটি কোভিড টেস্ট নিয়েছে। এটা যদি আমাদের নেগেটিভ আসে তাহলে আগামীকালের পরের দিন (পরশু) আমরা অনুশীলনে যাব। এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। আমরা অনেকদিন ধরে কাজ (অনুশীলন) করছি না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে।”
এম/




