
মাসব্যাপী ৬ দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মুলতান সুলতানসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। এর মধ্য দিয়ে শেষ হলো পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) সপ্তম আসর। তরুণ অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির কাঁধে নেতৃত্বের ভার দিয়ে যেমন সফল হয়েছে লাহোর, তেমনই রমিজ রাজার কাঁধে পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব তুলে দিয়েও বলা যায় সফল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কারণ, এবারের পিএসএল শেষে আকাশছোঁয়া লাভ পেয়েছে পিসিবি। ২০১৬-তে পিএসএল শুরুর পর লাভ তো দূরে থাক, দেশটির রাজনৈতিক অবস্থার জন্য পিএসএল বাঁচিয়ে রাখাটাই কঠিন হয়ে পড়েছিল পিসিবির জন্য।
এবারের পিএসএল শেষে পিসিবি প্রেসিডেন্ট রমিজ রাজার কথায় উঠেছে পিএসএল যে অনেক বড় লাভজনক আসরে পরিণত হয়েছে। যা গত ছয়টি আসরে কল্পনাই করা যায়নি।
আর্থিক দিক দিয়ে এবারের আসর পিসিবিকে ব্যবসা সফল ও পিসিবিকে কতটা সমৃদ্ধ করেছে এ নিয়ে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে রমিজ রাজা বলেছেন, ‘এবার পিএসএলের লাভের হার ৭১ শতাংশ বেড়েছে। যা গত ছয়টি আসরে কল্পনাও করা যেত না। লাভের অংশ হিসেবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়েছে ৯০ কোটি পাকিস্তানি রুপি। যা এর আগে পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজিরা পায়নি। এবারের আসর এতটাই সফল যে, টুর্নামেন্টের প্রথম বল মাঠে গড়ানোর আগেই লভ্যাংশ পেয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিরা।’
দর্শক ও সর্বোপরি পিএসএল নিয়ে রমিজ রাজা বলেছেন, ‘এবারের আসর যে সফল হয়েছে সেটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। লাহোর ও করাচিতে প্রতিটা ম্যাচেই গ্যালারি ভরা দর্শক দেখেছি। বিশেষ করে আমি আমার জীবনে এমন অসাধারণ, উদ্দীপ্ত ক্রিকেটপ্রেমী দর্শক দেখিনি। বিশেষ করে বলতে গেলে লাহোরে।’




