
চলতি নারী ওয়ানডে বিশ্বকাপের দুই অপরাজিত দল ছিল অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। তবে ওয়েলিংটনে নিজেদের জয়রথ বজায় রেখে প্রোটিয়ানদের থামিয়ে দিল মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া।
অধিনায়ক ল্যানিংয়ের শতকে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে ছয়ে ছয় জয় তুলে নিয়েছে অজিরা। টসে হেরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত পঞ্চাশ ওভারে তুলেছিল ৫ উইকেটে ২৭১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একাই সব দায়িত্ব কাঁধে তুলে নেন অজি অধিনায়ক ল্যানিং। এই ব্যাটার অপরাজিত ১৫ চার ও ১ ছয়ে ১৩৫ রান করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ম্যাচে অজিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান ৩২ রান এসেছে, তাহিয়া ম্যাকগ্রার ব্যাট থেকে। যা ল্যানিংয়ের রানের চেয়েও ১০৩ রান কম। অসাধারণ শতকের জন্য ম্যাচসেরার পুরস্কার পান ল্যানিং।
দক্ষিণ আফ্রিকার বোলাররা ম্যাচে অজিদের উপর তেমন কোনও চাপ প্রয়োগ করতে পারেনি। প্রোটিয়ানদের মধ্যে লো ট্রাইওন ও শাবনিম ইসমাইল ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে শুরুতে ব্যাটিং করে লরা ওলভার্ট ও অধিনায়ক সুনে লুসের অর্ধশতকে ২৭১ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ওলভার্ট নার্ভাস নাইন্টিজের ঘরে গিয়ে ৯০ রানে গার্ডনারের বলে আউট হয়ে ফেরেন। লুস করেন ৫২ রান।
শেষদিকে মারিয়েন ক্যাপ ৩০ ও ট্রাইওন এর ঝড়ো ১৭ রানে বড় সংগ্রহ পায় প্রোটিয়ানরা। অজিদের পক্ষে পাঁচজন বোলার ১টি করে উইকেট শিকার করেন।




