
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের সময় চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন আসর ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৩১ মার্চ।
ক্রিকেট পাকিস্তান তাদের প্রতিবেদনে পিসিবি সূত্রে জানিয়েছে, পিএসএলের অষ্টম আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চারটি শহর করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে।
২০২৩ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট এবং ওয়ানডে সিরিজের খেলার কথা রয়েছে পাকিস্তানের। এরপর ওয়েস্ট ইন্ডিজ দলও টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান সফর করবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরপরই অনুষ্ঠিত হবে পিএসএল। মূলত, সময়সূচি সহজ করতে এবং খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের কথা মাথায় রেখেই চারটি শহরে টুর্নামেন্ট আয়োজন হবে, যাতে একটি ম্যাচের পর গ্যাপ পাওয়া যায়।
উল্লেখ্য, ২০০৯ সালে দেশটিতে শ্রীলঙ্কা দলের টিম বাসের ওপর সন্ত্রাসী হামলা হওয়ার পর থেকে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। এমন অবস্থার ভেতর থেকেও ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতে ভেন্যু ভাড়া করে শুরু হয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সেবার আসরের একটি ম্যাচও হয়নি পাকিস্তানে।
২০১৭ সালে আসরের সবকটি ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও ফাইনাল ম্যাচটা সফলভাবে আয়োজন হয় পাকিস্তানে। ২০১৮ সালে দুটি এলিমিনেটর ও ফাইনাল আয়োজন হয় পাকিস্তানে, বাকি সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের আসরে ফাইনালসহ শেষ দিকের ৮টি ম্যাচ আয়োজন হয় পাকিস্তানে। ধীরে ধীরে পিএসএল পুরোপুরি পাকিস্তানে নিয়ে আসতে সক্ষম হয় পিসিবি। সবশেষ ২০২০ ও ২০২১ সালের আসর দুটি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। এতদিন দুটি ভেন্যুতে খেলা চালালেও এবার হলো মোট চারটি ভেন্যু।




