
উৎসবের মঞ্চ প্রস্তুত ছিল। শুধু অপেক্ষা ছিল একটা জয়ের। সেই কাঙ্ক্ষিত জয়টাও পেয়ে গেছে বসুন্ধরা কিং।
সোমবার (১৮ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-০ গোলের জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস।
ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় কিংসরা। মাত্র ২৮ মিনিটের মাথায় মতিন মিয়া করেন গোল। এরপর প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল। প্রথমার্ধে গোল না পেলেও ৩৭ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইয়াসিন আরাফাত। দ্বিতীয়ার্ধেও দুই দলের প্রাণপণ চেষ্টা ছিল প্রতিপক্ষের জালে বল জড়ানোর।
খেলা প্রায় শেষের পথে তখন, ৮১ মিনিটের মাথায় বসুন্ধরাকে ২-০ গোলে এগিয়ে নেন বিপলু আহমেদ। বাকি ৯ মিনিট ও অতিরিক্ত সময়ে গোল শোধ করতে না পারায় ২-০ গোলের জয়ে উৎসবে মেতে ওঠে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট সংগ্রহ করে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংস।
দ্বিতীয় স্থানে রয়েছে ১৯ ম্যাচ খেলে ৪১ পয়েন্ট পাওয়া আবাহনী লিমিটেড। তাদের বাকি আছে আরও তিন ম্যাচ। এই তিন ম্যাচ জিতলেও পেছনে ফেলতে পারবে না বসুন্ধরা কিংসকে।
বসুন্ধরা কিংসের আগে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল আবাহনী ক্রীড়া চক্র (১৯৮৩-৮৫) ও মোহামেডান স্পোর্টিং ক্লাব (১৯৮৬-৮৮)।




