
পুরুষ ফুটবল লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সে ধারা অব্যাহত রাখল বসুন্ধরার নারীরাও। আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে শেষ মুহূর্তের জোড়া গোলে হারিয়ে নারী ফুটবল লিগেও বসুন্ধরা কিংস হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। আশ্চর্যের বিষয় এই যে, নারী লিগের তিন আসরে বসুন্ধরা কিংস কোনো ম্যাচে হারেনি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) কমলাপুর স্টেডিয়ামে অলিখিত ফাইনালের সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। যেখানে ২-০ গোলে জিতে লিগের চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল।
আরও পড়ুন- ‘পেলের মৃত্যু বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি’
এই ম্যাচে জয়ী দল লিগ চ্যাম্পিয়ন হবে এই ছিল পরিসংখ্যান। ম্যাচটি ড্র হলে দুই দলের পয়েন্ট সমান হওয়ায় শিরোপা নির্ধারণের জন্য প্লে অফ খেলতে হত দুই দলকে। কমলাপুরে ম্যাচটি ঠিক সে দিকেই এগিয়ে যাচ্ছিল।
জাতীয় দলের আদলে গড়া বসুন্ধরার একাদশকে রক্ষণে আটকে দিয়েছিল কাগজে কলমে পিছিয়ে থাকা আতাউর রহমান কলেজ। অপর দিকে গোলের সুযোগ পেলেও তারা ফিনিশিংয়ে ব্যর্থও হয়েছে। ফলে ম্যাচ ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল।
আরও পড়ুন- গুরুতর আহত পান্তের সুস্থতা কামনা মোস্তাফিজের
ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ছিল গোলশুন্য থাকলেও শেষ পর্যন্ত আর কিংসের আনন্দ-উল্লাস থামাতে পারেনি আতাউর কলেজ। কর্ণার থেকে আসা বল শিউলি আজিম জালে জড়িয়ে দলকে প্রথম লিড এনে দেন।
এরপর ৮৯ মিনিটে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বসুন্ধরা। সেখানে পেনাল্টি থেকে শামসুন্নাহার সিনিয়র গোল করলে বসুন্ধরা কিংসের শিরোপা নিশ্চিত হয়।




