
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়হীন ছিল লিভারপুল। অবশেষে জয়ের দেখা দেখা পেয়েছে তারা। অ্যানফিল্ডে রোববার (১৬ অক্টোবর) ম্যানসিটিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ম্যাচের ৭৬ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। অন্যদিকে চলতি মৌসুমে টানা ২১ ম্যচ পর হারের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি।
গত বছর দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছিল লিভারপুল। কিন্তু ম্যানসিটির কাছেই শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। এমনকি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও হাতছাড়া হয় এই সিটির কারণেই। তবে ঘরে তুলেছিল কারাবো ও এফএ কাপের শিরোপা।
কিন্তু চলতি মৌসুমে সাদিও মানে নেই স্কোয়াডে। ইংল্যান্ড ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন। তাতেই যেন তারা ম্যাচে তীর হারিয়ে ফেলেছে। ৯ ম্যাচ খেলে অবস্থান করছে লিগ টেবিলের আটে। ম্যানসিটিকে হারাতে না পারলে হয়তো থাকতে হতো সেরা দশেরও বাইরে।
ম্যাচে ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৬টি শট নেয় সিটি, যার ৬টিই ছিল গোলমুখে। বিপরীতে লিভারপুলের নেয়া ১৩ শটের মাত্র দুটি ছিল গোলমুখে।
ম্যাচের ৫৫ মিনিটেই এগিয়ে গিয়েছিল ম্যানসিটি। আক্রমণে উঠে কেভিন ডি ব্রুইনার পাস দখলে নিয়ে ডি বক্সে ঢুকে শট নেয়ার চেষ্টা করেন আর্লিং হলান্ড। ঝাঁপিয়ে পড়ে আটকানোর চেষ্টা করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। কিন্তু হালান্ডের পা তার দুই হাতে আঘাত করায় বল গ্লাভসবন্দী হয়নি। বল চলে যায় ফোডেনের কাছে। গোলবারে ডিফেন্ডার জো গোমেজের বাধা উপেক্ষা করে বল জালে জড়ান ফোডেন।
কিন্তু বল গ্লাভসবন্দি করার সময় হলান্ডের অন্যায়ভাবে পা বাড়ানো নিয়ে রেফারির কাছে আবেদন করেন অ্যালিসন। তার আগে ডি বক্সে প্রবেশের আগে ফাবিনিওকে ফাউল করেছিলেন হলান্ড। ভিআর চেকে ফাউলের প্রমাণ পেয়ে গোল বাতিল করেন রেফারি। অন্যদিকে ম্যাচের শুরু থেকে চাপে থাকা লিভারপুল শেষদিকে আক্রমণে ধার বাড়াতে থাকে।
যার সুবাদে ৭৬তম মিনিটে ম্যানসিটি ফ্রি কিক পেয়েছিল। ডি ব্রুইনার নেয়া শট নিজের দখলে নিয়ে লং পাস দেন লিভারপুল গোলরক্ষক বেকার। মাঝমাঠে সালাহকে ট্যাকল করতে গিয়ে ব্যর্থ হন জোয়াও কানসেলো। বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে গিয়ে বক্সে ঢুকে সিটির গোলরক্ষক এডারসনকে পরাস্ত করেন সালাহ। শেষ ১৫-২০ মিনিটে দুই দলের স্ট্রাইকাররা অনেক চেষ্টা করেও পরাস্ত করতে পারেননি দুই ব্রাজিলিয়ান গোলকিপারকে। লিগে তিন ম্যাচ পর জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।
১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ কম খেলে তিন জয় ও চার ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে লিভারপুল।




