
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের অভিষেক মৌসুমেই সব রথী মহারথিদের ছাড়িয়ে যাচ্ছেন ম্যান সিটির নরওয়েজীয় তারকা আরলিং হলান্ড। তার জোড়া গোল ও কেভিন ডি ব্রুইনার নান্দনিক গোলে ঘরের মাঠে ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। ফলে লিভারপুলের বিপক্ষে হারের পরের ম্যাচেই জয়ের ধারায় ফিরেছে তারা।
শনিবার (২২ অক্টোবর) রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ব্রাইটনকে চাপে রাখে সিটি। ফলে প্রতিপক্ষের ডি-বক্সে আনাগোনা শুরু হয় হল্যান্ড-ডি ব্রুইনদের। যার ফলও হাতেনাতে পেয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ২২ মিনিটে হলান্ডের গোলে খাতা খোলে সিটি। গোলরক্ষক এডারসনের লম্বা পাসে অবিশ্বাস্য এক গোল করেছেন হলান্ড।
ম্যাচের ৩২ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করতে পারত সিটি। তবে পেপ গার্দিওয়ালার শিষ্যরা সে সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি পায় সিটি। সেখান থেকে গোল করে লিড ২-০ করেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এটি হলান্ডের ২২তম গোল।
প্রিমিয়ার লিগে এটি পেপ গার্দিওয়ালার অধীনে সিটির ৬০০তম গোল। লিগে এর আগে কোনো নির্দিষ্ট ক্লাব একই কোচের অধীনে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে দুবার—শুধু অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।
ম্যাচের ৫২ মিনিটেও সুযোগ আসে সিটির সামনে। ব্রাইটন গোলরক্ষক সানচেজের কল্যাণে ব্যবধান বাড়াতে পারেননি রিয়াদ মাহরেজ। সিটির আক্রমণে সবাই যখন তাদের কাছে থেকে আরও গোলের প্রত্যাশায় ছিল, তখন উল্টো গোল করে ব্রাইটন। ২৫ গজ দূর থেকে দারুণ শটে সিটির সঙ্গে ব্যবধান কমান টসওয়ার্ড। এই গোলের পর সিটিকে বেশ চাপেই রাখে ব্রাইটন। ৬৭ মিনিটে সুযোগ পেয়েও ব্রাইটনকে সমতায় ফেরাতে ব্যর্থ হন ম্যাক আলিস্তার।
৭৫ মিনিটে সম্ভবত ম্যাচের সেরা মুহূর্তটি উপহার দেন ডি ব্রুইনা। ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল জালে জড়ান এই বেলজিয়ান তারকা। ২০১৫ সালে প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে ডি বক্সের বাইরে থেকে সর্বোচ্চ ২৪ গোল করেছেন এই মিডফিল্ডার। ডি ব্রুইনার গোলে দারুণ খেলতে থাকা ব্রাইটন জয়ের স্বপ্ন একেবারেই ফিকে হয়ে যায়। শেষ দিকে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকলেও কোনো দলই গোল পায়নি।
রাতে আরেক খেলায় গোলরক্ষক ডিন হেন্ডারসনের বীরত্বে নটিংহাম ফরেস্টের কাছে হেরে যায় লিভারপুল। ৫৫ মিনিটে নটিংহামের নাইজেরিয়ান ফরোয়ার্ড তাইয়ো আউওনিয়ির একমাত্র গোলে ইয়ুর্গেন ক্লপের দল হেরে গেছে ১-০ গোলে।
চেলসির সঙ্গে উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মূহুর্তে ক্যাসেমিরোর গোলে ১-১ গোলের নাটকীয় ড্র করে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির হয়ে পেনাল্টি থেকে গোলটি করেন জর্জিনহো।




