
টানা খেলার ধকল সামলাতে পারায় লেস্টার সিটির বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না আর্লিং হলান্ড। তাতেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে বেলজিয়ান ফুটবলার কেভিন ডি ব্রুইনার ফ্রি কিকের গোলে লেস্টারের মাঠ থেকে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে ম্যানসিটি। এই জয়ে আর্সেনালকে সরিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে পেপ গার্দিওলার দল।
শনিবার (২৯ অক্টোবর) লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে এদিন চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে ৭টি পরিবর্তন নিয়ে মাঠে নামে সিটি। তবুও শুরুটা তাদের মনের মতই হয়েছিল। কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না। যেখানে ম্যাচের প্রথম ২০ মিনিটেই ৫ বার গোল পোস্টে শট নেয় সিটি। তবুও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না গতবারের চ্যাম্পিয়নরা।
সিটি ম্যাচের প্রথম সুযোগ পায় ৯ মিনিটে। হুলিয়ান আলভারেজের ৬ গজ দূর থেকে করা দুর্বল হেড লেষ্টার সিটির গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে খুব বেশি পরীক্ষার মুখে ফেলতে পারেনি। সিটি তাদের বড় সুযোগটা পায় ১৭ মিনিটে। বের্নার্দো সিলভার শট ওয়ার্ডকে ফাঁকি দিতে পারেনি।
এরপর যেন লেস্টার চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করে। ম্যান সিটির ডি বক্সে পরপর কয়েকটি আক্রমণ করে তারা। যদিও সফলতা পাননি ভার্ডি-বার্নসরা। প্রথমার্ধের বাকি সময়েও তাদের সামনে কয়েকটি সুযোগ এসেছিল, তবে তা কাজে লাগাতে পারেননি। অন্যদিকে ম্যাচের প্রথম অর্ধে গোল পোস্টে ১০ শট নেওয়া সিটিও গোল পায়নি।
প্রথমার্ধের ব্যর্থতা ভুলে সিটি ম্যাচে গোল পেতে মরিয়া হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে। যার ফলও পেয়ে যায় দ্রুতই। ৪৯তম মিনিটে নান্দনিক এক ফ্রি-কিকে ম্যান সিটিকে এগিয়ে দেন ডি ব্রুইনা। ২৫ গজ দূর থেকে নেওয়া শটটি রুখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন লেস্টার গোলকিপার ওয়ার্ড। কিন্তু ড্রাইভ দিয়েও বলের নাগাল পাননি তিনি।
ম্যাচজুড়ে দারুণ খেলতে থাকা ওয়ার্ডকে ফাঁকি দিতে এমন কিছু্রই প্রয়োজন ছিল সিটির। মাঠে না থাকলেও দলের জয়ে বাইরে থেকেই আনন্দ প্রকাশ করেছেন হলান্ড। ডি ব্রুইনার গোলে মুগ্ধ হয়ে এই মিডফিল্ডারের নাম লিখে ভালোবাসার ইমোজি দিয়ে টুইট করেন এ স্ট্রাইকার।
ডি ব্রুইনার গোলের মিনিট চারেক পরেই সুযোগ এসেছিল লেস্টারের সামনেও। তবে সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা পায়। এরপর বেশ কয়েকবার আক্রমণের ধার বাড়িয়েও জালের দেখা পাননি লেস্টারের ফরোয়ার্ডরা। সিটিকে কয়েক দফা রক্ষা করেন এডারসন।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে ম্যানসিটি। ১২ ম্যাচে ৯ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম স্থানে তারা। আর লেস্টার ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে।




