
বিশ্বকাপের মঞ্চে আজ (২৭ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হয়েছে ভারত। ম্যাচের আগের দিন ডাচদের বিপক্ষে খেলা নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সব গণমাধ্যমগুলো। সেখানে ডাচদের বিপক্ষে ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নিয়েও সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যমগুলো।
তেমনই এক সংবাদের মধ্যে নেদারল্যান্ডসকে ভারতীয় ক্রিকেটের তুলনায় ‘দুধের শিশু’ বলে আখ্যায়িত করেছে দেশটির বাংলা গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’। সেখানে ডাচদের বিপক্ষে ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করা লাগে কি না, এমন একটা সংবাদের মধ্যে নেদারল্যান্ডসকে এভাবেই আখ্যায়িত করেছে পত্রিকাটি।
সংবাদমাধ্যমটি শিরোনামে লিখেছে, ‘দুধের শিশু নেদারল্যান্ডসের বিরুদ্ধে কি বড় ধাক্কা রোহিতদের? পয়েন্ট খোয়াতে হবে ভারতকে?’
অবশ্য আনন্দবাজারের চোখে সেই দুধের শিশু নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো পয়েন্টই ভাগাভাগি করতে হচ্ছে না ভারতের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন (২৭ অক্টোবর) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ম্যাচে বৃষ্টি বাধা দিলেও ভারত-নেদারল্যান্ডস ম্যাচে কোনো সমস্যাই হয়নি। বরং সহজ জয়ই নিশ্চিত করেছে ভারত।




