
সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে।
শুক্রবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আকস্মিক এ ঘোষণা দেন এই তারকা ফুটবলার। শনিবার বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আলমেরিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা এই তারকা।
ভিডিও বার্তায় পিকে বলেন, ছোট্ট জেরার্ডকে যদি বলা হতো, তার সব স্বপ্নই পূর্ণ হয়েছে, তাহলে সে কী ভাবত! সে বার্সেলোনার প্রথম একাদশে খেলবে, সম্ভাব্য সব শিরোপা জিতবে। একদিন ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন হবে, বিশ্বের সেরাদের সঙ্গে খেলবে। দলের অধিনায়কদের একজন হবে, আজীবনের জন্য বন্ধুত্ব হবে অনেকের সঙ্গে!
বার্সেলোনার যুব একাডেমি লা মার্সিয়াতে ২০০৪ সাল পর্যন্ত ছিলেন পিকে। এরপর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। ওল্ড ট্রাফোর্ডে চার মৌসুম কাটানোর পর আবারও বার্সায় ফিরে আসেন তিনি।
বার্সেলোনার জার্সিতে ৬০০-এর বেশি ম্যাচ খেলে সম্ভাব্য সব শিরোপা নিজের ঝুলিতে পুরেছেন পিকে। এর মধ্যে আটটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ, সাতটি কোপা ডেল রে অন্যতম।
অবসর প্রসঙ্গে পিকে বলেছেন, ২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা, আমাকে সবকিছু দিয়েছেন।
ক্লাব ক্যারিয়ারের পাশাপাশি স্পেনের হয়েও বেশ সমৃদ্ধ ক্যারিয়ার পার করেছেন পিকে। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ, ২০১২ সালে ইউরো জিতেছিলেন তিনি। তবে ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন এই স্প্যানিশ তারকা।
অবসর নিলেও বার্সেলোনায় আবারও নতুন কোনো ভূমিকায় ফিরে আসার কথা জানিয়েছেন পিকে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আপনারা আমাকে জানেন। আজ অথবা কাল আমি ফিরে আসব। আপনাদের সঙ্গে ক্যাম্প ন্যুতে দেখা হবে। বার্সা দীর্ঘজীবী হোক। সব সময়।




