
মালদ্বীপে দুর্দান্ত এক মৌসুম পার করলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স করে ধিবেহি সিফাইঙ ক্লাবকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। সেই সঙ্গে সব পুরষ্কার নিজের ঝুলিতে ভরে নিয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে মালদ্বীপের ঘরোয়া ফুটসাল ফুটবলের ফাইনালে সাবিনা-সুমাইয়ার দল ধিবেহি সিফাইঙ ১০-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষ এমপিএলকে।
মৌসুমজুড়ে দারুণ পারফরম্যান্স করা সাবিনা ফাইনালেও করেছেন চার গোল। ফলে বাংলাদেশের গোলমেশিন সাবিনা খাতুন জিতেছেন ফাইনালসেরা, টুর্নামেন্টসেরা এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
ম্যাচে সাবিনার ৪ গোলর পাশাপাশি আরেক বাংলাদেশি ফুটবলার সুমাইয়া করেছেন ১ গোল।




