
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সেখানে যে তিনি খুব একটা স্বস্তিতে নেই, তা বিভিন্ন সময়ের ঘটনায় স্পষ্ট। দলীয় কোচ এরিক টেন হাগসহ সতীর্থদের প্রতি সেই অস্বস্তিই এবার উগরে দিলেন পর্তুগিজ তারকা।
রোনালদো বলেছেন, কোচের প্রতি তার কোনো সম্মান নেই। স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায় নেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো উন্নতি হয়নি।
সম্প্রতি পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ ও সতীর্থদের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সিআর সেভেন।
ইউনাইটেডে টেন হাগ যোগ দেওয়ার পর থেকেই সিআর সেভেনের বনিবনা হচ্ছে না। মৌসুমের শুরু থেকেই মাঠে অনুপস্থিত তিনি, যা ক্রমেই তিক্ততায় পরিণত হয়েছে। পর্তুগিজ এই তারকা এতোই বিরক্ত যে টটেনহামের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামলেও খেলা চলাবস্থায় মাঠ থেকে বেরিয়ে যান। পরের ম্যাচে চেলসির বিপক্ষে স্কোয়াডেও সুযোগ হয়নি তার।
কাতার বিশ্বকাপের জন্য আপাতত ক্লাব ফুটবল থেকে দেড় মাসের ছুটিতে রয়েছেন। এ সময়ে টকটিভির মরগানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ‘পিয়ার্স মরগান আনসেন্সরড’ নামে অনুষ্ঠানটি আগামী বুধ ও বৃহস্পতিবার দুই পর্বে প্রচারিত হবে। এ বিষয়ে ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি সানে লিখেছেন টকটিভির মরগান।
কোচ টেন হাগ বিষয়ে রোনালদো বলেছেন, তার জন্য আমার কোনো সম্মান নেই। কারণ, আমাকেও তিনি সম্মান দেখান না। কেউ আমাকে সম্মান না দিলে আমি তাকে সম্মান দিই না।
এই পর্তুগিজ তারকার দাবি, তিনি (টেন হাগ) চেয়েছেন আমি অন্যত্র চলে যাই। শুধু কোচই নন, ক্লাবের আরও দুই–তিনজন ব্যক্তি আমাকে বের করে দিতে চেয়েছেন। আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেন, আমি এসবকে পাত্তা দিই না। মানুষের সত্যিটা শোনা দরকার। হ্যাঁ, আমার মনে হয়েছে বিশ্বাসঘাতকতা হচ্ছে। মনে হয়েছে, কিছু মানুষ চায় না, আমি এখানে থাকি। শুধু এ বছর না, গত বছরও তারা এ রকমই চেয়েছিল।
সাবেক সতীর্থ ও ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনি প্রসঙ্গে সিআর সেভেন বলেছেন, আমি জানি না, উনি (ওয়েইন রুনি) কেন আমাকে এত তীব্রভাবে সমালোচনা করেন। সম্ভবত, উনি খেলা ছেড়ে দিয়েছেন আর আমি এখনও শীর্ষ পর্যায়ে খেলে চলেছি এ জন্য।




