
আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পল। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা সমর্থকদের পছন্দের তালিকায় ওপরের দিকে রয়েছে তার নাম। যাকে নিয়ে বলা হয় ‘যেখানেই বল, সেখানেই পল’। নকআউটপর্বের পর সেমিফাইনালেও ক্রোয়েশিয়ার বিপক্ষে উজ্জীবিত পলকে দেখতে চায় সমর্থকরা।
৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে খেলতে আসা আর্জেন্টিনা গ্রুপপর্বের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়। ওই ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারার পর তেতে ওঠে মেসি বাহিনী। আজ সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেই স্বপ্নের ফাইনাল। এ ম্যাচে নিজেকে উজাড় করে দিতে চান দি পল।
ইনস্টাগ্রামে এক পোস্টে দি পল লিখেছেন, ‘আর্জেন্টিনা তোমার জন্য, আমাদের জন্য, দেশের জন্য। কাল (মঙ্গলবার) আমরা যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকব।’
ওই পোস্টে একটি ভিডিও সংযুক্ত করেছেন এই আতলেতিকো মাদ্রিদ তারকা। সেই ভিডিওতে দলের রুদ্ধশ্বাস জয় উদ্যাপন করতে দেখা যায় দি পলকে। এখন যেকোনো মূল্যে সামনে আসা সুযোগ আর হাতছাড়া করতে চান না আলবিসেলেস্তেরা।
এর আগে, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সাক্ষাত হয় আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার। গ্রুপপর্বের ম্যাচে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে হারিয়েছিল ক্রোয়াটরা। এবারও তেমন কিছু হয় কি না, সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে রাত ১টার ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।




