
২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম দফায় অবিক্রিতই ছিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। তবে দ্বিতীয় দফায় দল পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই ওপেনার।
ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই লিটনকে দলে নিয়েছে কেকেআর। কোচিতে অনুষ্ঠেয় মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম দফা শেষে অবিক্রিতই আছেন আফিফ হোসেন ও তাসকিন আহমেদ। নিলামে কোনো দলই তাদের প্রতি আগ্রহ দেখায়নি।
আইপিএলের নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় তাদের দুজন বাদ পড়েন।
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস, পেসার তাসকিন আহমেদ ও মারকুটে ব্যাটার আফিফ হোসেন। আর সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। সাকিব ছাড়া বাকি তিনজনের ভিত্তিমূল ৫০ লাখ রুপি। আর ৫০ লাখ কমিয়ে সাকিবের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি।




