
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। ২৩ বছর বয়সী নিহত ওই ফুটবলারের নাম আহমেদ দারাগমেহ। খবর কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২২ ডিসেম্বর পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ইসরায়েলি বাহিনী।
ওই সময় ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ফুটবলার আহমেদ দারাগমেহ গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান।
ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ফুটবলার দারাগমেহ পাশের শহর তুবাসের বাসিন্দা ছিলেন। তিনি ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন।
আরবভিত্তিক ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘কুরা’র দেওয়া তথ্য অনুযায়ী, দারাগমেহ চলতি মৌসুমে নিজ দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তিনি এই মৌসুমে ছয়টি গোল করেছিলেন। তবে দারাগমেহ ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে হওয়া সংঘর্ষে জড়িত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।




