
শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী ২ জানুয়ারি। প্রতিযোগিতাটি সামনে রেখে গেমসের লোগো ও মাসকট উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে লোগো এবং মাসকট উন্মোচন করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সাথে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান হতে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এই গেমস আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারব।’
সূচি অনুযায়ী, এবার শেখ কামাল বাংলাদেশ যুব গেমস তিন ধাপে অনুষ্ঠিত হবে। যেখানে উপজেলা পর্যায়ের খেলা ২ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১০ জানুয়ারি। এর পর ১৬ জানুয়ারি শুরু হয়ে জেলা পর্যায়ের খেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত হবে হবে জাতীয় ও চূড়ান্ত পর্যায়ের খেলা।
শেখ কামাল যুব গেমসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেয়ারম্যান অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এমপি এবং কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এদিন লোগো এবং মাসকট উন্মোচন অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং থিম সং বাজিয়ে শোনানো হয়।




