
দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সবচেয়ে বড় এবং প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। চলতি বছর সংগঠনটি তার ৬০ বছর পূর্ণ করেছে। হীরকজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নিরিখে ১০ ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করবে বিএসপিএ।
আগামী শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে। একইসঙ্গে দেশের ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ ক্রীড়া সাংবাদিক ও লেখককে হীরকজয়ন্তী সম্মাননা প্রদান করা হবে।
এ ছাড়াও ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ব্যাটে জয়-বাংলা স্লোগান লিখে মাঠে নামার অসীম সাহসিকতা দেখানো জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসানকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা, সহসভাপতি কাজী শহীদুল আলম ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।
সংগঠনের সভাপতি সনৎ বাবলা বলেন, ‘ক্রীড়াঙ্গনের বিশিষ্ট নয় জন ব্যক্তিত্ব এই বাছাই প্রক্রিয়া করেছেন। ১১০ জনের একটি তালিকা তাদের দেয়া হয়েছিল। সেই তালিকা বিচারকরা নাম্বারিং করে। সেই নাম্বারের ভিত্তিতে দশ জন সেরা হয়েছেন।’
ক্রীড়া লেখক সমিতির ৬০ বছর অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। ক্রীড়া ব্যক্তিত্বরা সম্মাননাপত্র, ট্রফি ছাড়াও এক লাখ নগদ অর্থ পাবেন।
দশ ক্রীড়া ব্যক্তিত্ব- কাজী সালাউদ্দিন, মোশাররফ হোসেন খান, শাহ আলম, মোশাররফ হোসেন, মোনেম মুন্না, নিয়াজ মোর্শেদ, আসিফ হোসেন খান, মাশরাফী বিন মোর্ত্তজা, সিদ্দিকুর রহমান, সাকিব আল হাসান।
দশ ক্রীড়া সাংবাদিক ও লেখক হলেন আবদুল হামিদ (মরণোত্তর), তৌফিক আজিজ খান (মরণোত্তর), বদি-উজ-জামান (মরণোত্তর), কামরুজ্জামান, আবদুল তৌহিদ, আতাউল হক মল্লিক (মরণোত্তর), দিলু খন্দকার, শহিদুল আজম ও মোস্তফা মামুন।




